# আমরা কি কখনো উন্নত দেশে পরিনত হতে পারবো?

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2019-04-13T18:36:55+00:00
- Updated: 2019-04-14T00:28:41+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%96%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%a4-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b0/

---

স্বল্পোন্নত, মধ্যম স্বল্পোন্নত, উন্নয়নশীল, উচ্চ উন্নয়নশীল, উন্নত দেশ। দেশ গুলোর এমন বিশেষণ আমরা প্রায়ই শুনি। বিশ্বব্যাংকের কিছু মাপকাঠির ভিত্তিতে সমগ্র বিশ্বের দেশ গুলোকে এমন বিশেষণে ভাগ করা হয়েছে। অচিরেই বা ২০৪১ সন নাগাদ আমাদের দেশ উন্নত দেশ হিসেবে পরিগণিত হবে এমন একটি কথা বা আশাবাদ প্রায়ই আমরা বিভিন্ন রাজনৈতিক নেতা নেতৃবৃন্দের মুখে শুনি। অবশ্যই এমন কথা শুনি কেবল সরকারী দলের নেতৃবৃন্দের মুখে। এটি আসলে কতটা বাস্তব সম্মত?

উন্নত দেশ বলতে ঐ সকল সার্বভৌম দেশকে বুঝায় যারা অর্থনৈতিক উন্নয়ন এবং উচ্চতর প্রযুক্তিগত অবকাঠামোর সর্বোচচ স্তর বা নির্দিষ্ট সীমানা রেখায় অবস্থানসহ স্বল্পোন্নত দেশসমূহ থেকে অনেকাংশেই এগিয়ে রয়েছে। জনগণের মাথাপিছু আয়, মোট দেশজ উৎপাদন, শিল্পোন্নয়নের স্তর, বিস্তৃত অবকাঠামোর বিন্যাস, মানব উন্নয়ন সূচক এবং সাধারণ জীবনযাত্রার মান এর প্রধান মাপকাঠি। সাধারণতঃ উন্নত যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুতের উৎপাদন ও এর মাথাপিছু ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্ন ও আধুনিক হাসপাতাল, সুন্দর ব্যবস্থাসম্পন্ন চমৎকার গণশৌচাগার উন্নত দেশসমূহে বিদ্যমান থাকে।  
জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান উন্নত দেশ বলতে বলেছেন ” উন্নত দেশ বলতে যে সকল দেশ তার নাগরিকদের মুক্ত ও নিরাপদে রক্ষণাবেক্ষণ বা নিরাপত্তাসহ উপযুক্ত পরিবেশে স্বাস্থ্যকর জীবন প্রদানে সক্ষম তাকে বুঝাবে। ”

আমাদের দেশের প্রেক্ষাপটে উপরে বর্ণিত উন্নত দেশের কোন কোন বিষয় আমরা বাস্তবায়ন করতে পারবো?  
* মাথাপিছু আয় বৃদ্ধি সম্ভব হবে কিছুটা, কিন্তু এটি কখনোই সর্বোচ্চ পর্যায়ে পৌছাবে না দেশের অর্ধেক নারীদের আয় বৃদ্ধির সাথে সম্পৃক্ত করতে না পারলে।

* মোট দেশজ উৎপাদনে সীমাবদ্ধতা আছে। কৃষি খাতকে আমরা উন্নত দেশের সম পর্যায়ে নিয়ে যেতে পারবো না কখনো। প্রধান বাঁধা সরকারী কর্মকর্তাদের দায়িত্বহীনতা, কৃষকদের প্রতি আমাদের অবহেলা। নিজেদের কৃষকের সম্মান হিসেবে পরিচয় দিতে লজ্জা বোধ করি।

*শিল্পায়নের স্তরের উন্নয়নও সমম্বিত নয়। এখানেও সরকারী কর্মকর্তাদের আন্তরিকতা, পরিকল্পনা কমিশনের অনভিজ্ঞতা, লাল ফিতার দৌড়ত্ব এবং অবহেলার কারণে শিল্পের সঠিক বিস্তার ঘটবেনা।

* অবকাঠামোর বিন্যাস: এটি কিছুটা বাস্তবায়ন হলেও মধ্যম পর্যায়েও উন্নিত হওয়া সম্ভব না। বড় বড় সেতু, হাইওয়ে, মেট্রোরেল স্থাপিত হলেও এর ব্যবস্থাপনার বিন্যাস আমাদের কাছে স্বপ্নের মতোই।

* মানব উন্নয়ন সূচক ও সাধারণ জীবন যাত্রার মানঃ  আমাদের জীবন যাত্রার মান কতটা উন্নয়ন সম্ভব? আমরা তো আসলে জানিই না, আমাদের জীবনের চাহিদা কি। শুধু ব্যংকে অগাধ টাকা থাকবে, যখন যা ইচ্ছে ক্রয় করতে পারবো, এটিতেই জীবন যাত্রার মান উন্নয়ন বুঝায় যায়। জনগন নির্ভয়ে অত্যন্ত আনন্দে চিত্তে যেখানেই যাক, যেখানেই বাস করুক, সে অত্যন্ত ভালো মানের সেবা, পরিবেশ পাবে সামান্যতম অসুবিধার সম্মূখিন না হয়ে এমন পরিবেশ কি আমাদের দেশে আসবে কখনো?

* পরিষ্কার-পরিচ্ছন্ন ও আধুনিক হাসপাতাল, সুন্দর ব্যবস্থাসম্পন্ন চমৎকার গণশৌচাগার, নাগরিকদের মুক্ত ও নিরাপদে রক্ষণাবেক্ষণ বা নিরাপত্তাসহ উপযুক্ত পরিবেশে স্বাস্থ্যকর জীবন; এসব ক্ষেত্রে আমাদের ভবিষ্যত অবস্থান স্বপ্নেই সম্ভব আসলে বাস্তবে নয় কোন ক্রমেই।

স্বাধীনতার এত বছর পরেও যে দেশে একটি গণমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা যায়নি, হরেক রকম শিক্ষা ব্যবস্থা দিয়ে একটি জগা খিচুরি ভবিষ্যত প্রজন্ম তৈরী করা হয়েছে, হচ্ছে সে দেশ একই চিন্তায় একই শক্তিতে বলিয়ান হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে স্বপ্নের উন্নত দেশে, এটি আশা করা বাতুলতা মাত্র। যে দেশে নারীর প্রতি সহিংসতা, অত্যাচার স্বাভাবিক, তাঁদেরকে গৃহবন্ধী করার হাজার হাজার প্রতিষ্ঠান, লক্ষ কোটি চোখ কার্যকর সে দেশ কিভাবে উন্নত দেশ হবে? অর্ধেক জনগোষ্ঠী তো নারীই। যে দেশে জনগনের মতামত, স্বাধীন চিন্তা, নিরাপত্তা সহ সার্বিক অধিকার উপেক্ষিত, দুর্নীতি প্রাতিষ্ঠানিক ভাবে সমাজে স্বীকৃত সে দেশ উন্নত দেশ হতে পারবে না কখনো।

আমরা হয়ত ধনী হতে পারবো, কিন্তু উন্নত দেশ হতে পারবো না কখনোই যদি না বর্তমানের প্রচলিত ধ্যান ধারনার পরিবর্তন হয়। ধনী আর উন্নত দেশ এক নয়।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%96%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%a4-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b0/#comments
