# আমরা আসলে কি চাই?

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2020-03-29T18:23:03+00:00
- Updated: 2020-06-04T17:30:29+00:00
- Category: [সমসাময়িক](https://sonelablog.com/category/current_affairs/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87/

---

বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বর্তমানে এদেশের ১৬ কোটি মানুষের কাছে অত্যন্ত পরিচিত একটি মুখ হয়ে উঠেছেন। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হবার পুর্ব থেকেই নিয়মিত প্রেস ব্রিফিং করে তিনি আইইডিসিআর এর প্রধান মুখপাত্র হয়ে উঠেছেন। দেশের মানুষ বর্তমানে প্রতিদিন তার প্রেস ব্রিফিং এর জন্য অপেক্ষা  করেন করোনা ভাইরাস সম্পর্কে আপডেট জানার জন্য।

আমরা জাতিগত ভাবেই বেশ গসিপ জাতি। গ্রামের চা এর দোকানে বসে অলস সময়ে জগতের সমস্ত বিষয় নিয়ে বিশেষজ্ঞের মতামত দেই। আরম্ভ করি গ্রামের কোনো ছাগল কারো ফসল খেয়েছে কিনা, শেষ করি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এ গিয়ে। এটিই আমার বেসিক চরিত্র। ফেইসবুকের দুনিয়া এই গাল গপ্প করার একটি অবারিত সুযোগ করে দিয়েছে। বর্তমানে লকডাউন এর কারনে প্রাপ্ত অলস সময়ে এই গসিপ চুড়ান্ত পর্যায়ে অবস্থান করছে।

আল্লাহর অসীম দয়ায় আমাদের দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা অত্যন্ত কম। এ নিয়ে ফেইসবুকে আরম্ভ হয়েছে গসিপ। এরা মনে হয় সন্তষ্ট নন এই আক্রান্তের সংখ্যায়। আরো বেশি আক্রান্ত হলে, আরো বেশি মৃত্যু হলে যেন এরা খুশি হতো। কোথায় কম আক্রান্তের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাবেন, তা না করে সমালোচনায় মেতে উঠেছে অনেকে, তারা অসন্তোষ প্রকাশ করছেন।

সরকারের এই একটি প্রতিষ্ঠানে ( আইইডিসিআর ) এতদিন করোনা ভাইরাস আক্রান্ত কিনা তা পরীক্ষা করা হতো। যারা কোভিক ১৯ এর প্রাথমিক লক্ষন দেখে এই প্রতিষ্ঠানের মাধ্যমে টেস্ট করাত, তাদের টেস্ট ফলাফলের উপর ভিত্তি করেই আক্রান্তের সংখ্যা হিসেব করা হয়েছে। যারা এখানে যোগাযোগ করেননি প্রাথমিক লক্ষন থাকা সত্ত্বেও তারা যদি আক্রান্ত হনও, তা এই প্রতিষ্ঠান জানবে কিভাবে ? বর্তমানে সরকারী মেডিকেল কলেজ ও হাসপাতালে কোভিক ১৯ আক্রান্তের টেস্ট করার ব্যাবস্থা করা হয়েছে। যারা আক্রান্তের সংখ্যায় আশাহত, এবার হয়তো তাদের আশা পুরন হবে। তবে আমি চাই, তাদের আশা যেন পুরন না হয়, দেশের মানুষ বেঁচে থাকুক।

ফেইসবুকে কিছু বিশেষজ্ঞ সমালোচনায়  
নেমেছেন আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে নিয়ে।

* তিনি এখন পর্যন্ত ২১ টি শাড়ী পরিধান করে প্রেস ব্রিফিং এ এসেছেন কেন?  
* তার ধর্ম কি ?  
* তিনি নাস্তিক ইত্যাদি ইত্যাদি।

মানুষের সমালোচনার আর বিষয় নেই? তিনি রোজ কতটি শাড়ি পরিধান করবেন, এটি তার একান্তই নিজস্ব বিষয়। এই সময়ে পরিচ্ছন্নতা নিয়ে এবং ভাইরাস প্রতিরোধে আমাদের করণীয় কাজ কি,এসব নিয়ে তার বলা বক্তব্য গুলো শোনা আমাদের জন্যে বেশি জরুরী বিষয়। তিনি হিন্দু, মুসলিম,খৃষ্টান নাকি বৌদ্ধ এটা জানা কি অত্যন্ত জরুরী? তার যোগ্যতাই তো আমাদের কাছে বিবেচ্য হওয়া উচিৎ। ধর্ম দিয়ে কি হবে এখানে?  
তিনি আস্তিক বা নাস্তিক, এটি জানা কি জরুরী?

আমরা যে কিসে খুশি হই তা কি আমরা নিজেরা জানি? আমরা আসলে কি চাই?

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87/#comments
