# আবু ও হাবুর কথা

- Author: [বোরহানুল ইসলাম লিটন](https://sonelablog.com/author/borhan081975/)
- Published: 2022-03-08T01:32:06+00:00
- Updated: 2022-03-08T01:32:06+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ac%e0%a7%81-%e0%a6%93-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be/

---

আবু আলী হাবু আলী – রোজ করে চুলোচুলি  
খসলেই তাল থেকে তিল,  
যেকেহ তুললে চড় – অন্যে ভুলে হাশর  
খুব তবু দু’জনার মিল।

হাবু কভু খেলে পান – আবু পাশে গায় গান  
সজোরে চিবিয়ে ডাল ভাজা,  
কোথাও জিতলে আবু – ভাবে ধাপ ফেলে হাবু  
যেন সে মঞ্চে জাগা রাজা।

আবু যদি কিনে হাঁস – হাবু দ্বেষে রুই মাছ  
দু’পথে দু’জনে ফিরে বাড়ি,  
আহারের কালে রাতে – না পেলে ছালুন পাতে  
না দিয়ে খায় না কেউ আড়ি।

ধরলে হাবুর জ্বর – আবু করে ধড়ফড়  
ডাক্তার এনে তবে থামে,  
সুস্থ হলেই ফের – ছোড়াছুড়ি করে জের  
ব্যঙ্গে দোঁহের রাখা নামে।

একদিন আবু আলী – চিরতরে গেলো চলি  
ঘুমালো হাবুও করে মান,  
দেখে বলে লোকজন – প্রমাণ রেখেছে ক্ষণ  
দু’টি দেহে এক ছিল প্রাণ।

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ac%e0%a7%81-%e0%a6%93-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be/#comments
