# আত্নার কঙ্কাল

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-07-29T18:00:03+00:00
- Updated: 2020-12-02T14:37:11+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2/

---

 

তারা কর্দমাক্ত মাটির বিছানায় খেলা করে একসাথে-  
পোকামাকড়, সর্প-কেঁচো আরো আছে অজানা প্রাণী;  
কারো সাথে খুব ভাব,কারো সাথে একদমই হয়না বনিবনা।  
কেউ সুখ দুঃখের আলাপনে ব্যস্ত, কেউবা করে কানাকানি আপন আলয় নুয়ে।  
কেউ হাসে, কেউ কাঁদে, কেউবা আপনমনে দোল খায় মাটির দোলনায়;  
কেউবা খোলা আকাশের নিচে মিটিমিটি তারার ফুল গুণে;  
কেউবা দুধেল জ্যোস্নায় মাখামাখি করে পূর্ণ ষোল-কলাতে।  
চিত্রাভানু যখন খিলখিলিয়ে হাসে তখনো ওরা আঁধারেই ডুবে থাকে;

 বর্ষার ভরা যৌবনে ওদের কষ্ট হয় বেশ, থাকে আতঙ্কে কখন যেন মাটির ছাদ ধসে হয়ে যায় উন্মুক্ত।  
ওরা উলঙ্গ, ওরা বিবস্ত্র তবুও ওদের নেইকো লাজ-শরমের বালাই;  
ওরা নয়তো কৃষ্ণবর্ণ, নয়তো শ্বেতবর্ণ , নয়তো উজ্জ্বল শ্যামবর্ণ-  
ওরা সবাই একবর্ণ, তাইতো ওদের অহমিকার নেইকো উঁচুনিচু।  
একদিন ওদের বর্ণ ছিলো, বসন ছিলো, লজ্জা ছিলো, স্বপ্ন ছিলো, আকাঙ্ক্ষার দাবানল ছিলো;  
একদিন ওরাই রাজা, ওরাই রানী, ওরাই কারো আপন ছিলো;  
অর্থ ছিলো, প্রতিপত্তি ছিলো, তান্ডব ছিলো, দাপট ছিলো।  
আজ ওরা চিরস্থায়ী ঠিকানার বাসিন্দা, নিজস্ব কামড়ায় বন্দী- আত্নার কঙ্কাল।

---

Comments: 32 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2/#comments
