# আজ সোনেলার জন্মদিন

Author: তৌহিদুল ইসলাম
Published: 2020-09-23
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/

বাংলা ব্লগিং জগতে জ্বলজ্বলে একটি নক্ষত্রের নাম সোনেলা। সোনালী রোদের আলোয় উদ্ভাসিত হোক সকলের জীবন- এই বিশ্বাস থেকেই কোনো এক শুভক্ষণে যাত্রা শুরু হয়েছিল সোনেলার যা অদ্যাবধি চলছে আপন মহিমায়। তীব্র রোদ, ঝড়-বৃষ্টি কোন কিছুই সামান্যতম থামাতে পারেনি সোনেলাকে।

### “আজ সোনেলার জন্মদিন”

সোনেলার জন্মদিনে আনন্দে বিহ্বল হয়ে সোনেলার মাঠে নিজের রুমাল বিছিয়ে দিয়েছি। আমার সাথে লুকোচুরি খেলা মহীরুহের সে সোনালী আলোকছটার মাধুরীকে মনে হয় এই আছে এই নেই। সোনেলার আকাশ বীণায় আজ গৌড়-সারঙ্গের আলাপন। তার জন্মদিনে এটাইতো আমাদের পরম প্রাপ্তি।

গতিহীন পঙ্গু জীবনযাত্রাকে উপেক্ষা করে যৌবনের উদ্দাম আবেগ ও চিন্তাহীন মন নিয়েই দুরূহ বিপদসংকুল পথে অগ্রসর হবার তীব্র আকাঙ্ক্ষায় যাত্রা শুরু করতে ইচ্ছে হয় প্রতিনিয়ত। সংসারে পরিপূর্ণতা সর্বাঙ্গ সুন্দরতা আশা করা যায় না। সোনেলায় জীবন ভালো-মন্দ মিশ্রিত এবং সুখ-দুঃখে জড়িত। এসব নিয়ে খুঁতখুঁত করলে আমাদের দুঃখ বাড়ে বৈ কমে না।

প্রিয় পাঠক, সোনেলার জন্মদিন উপলক্ষে আজ ব্লগে লগইন করলেই পুষ্পবৃষ্টির চমৎকার এক আবহ দেখতে পাচ্ছেন। কারন আমাদের সকলের কাছেই আজ সত্যিকারের আনন্দ এবং উৎসবমুখর একটি দিন। দৃষ্টিনন্দন এই ফিচারটি আমাদের উপহার দেবার জন্য ব্লগ কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।

অনেক মেধা, পরিশ্রম এবং সময় ব্যয় করে ব্লগের ফিচার ফটো এবং ফেসবুক গ্রুপ ও পেজের জন্য আলাদা আলাদা মাপের কাভার ফটো তৈরী করে শ্রদ্ধেয় ব্লগার জিসান ভাই আমাদের কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন। প্রিয় জিসান ভাই, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

এটাই সোনেলা। সোনেলায় সহব্লগারদের পাশাপাশি কাছাকাছি থাকার এই মধুর ব্যঞ্জনা আমি অনুভব করি হৃদয়ে, সুর লহরীর মূর্ছনায় লেখকদের শব্দের ঝংকারে। সোনেলা ব্লগ এগিয়ে যাক তার আপন গতিতে।

> যেদিন দেখবো সোনেলায় আমার লেখার মন্তব্যের ঘর ফাঁকা, সেদিন বুঝে নেবো সাহিত্য জগতে আমার বিচরণের সময় শেষ। সেদিন মৃত্যু হবে নিজের অস্তিত্বের, লেখক সত্ত্বার। সমাধি হবে আমার সোনালী স্বপ্নের।

আজ ২৩শে সেপ্টেম্বর, সোনেলা ব্লগের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকীতে সোনেলায় বিচরণকারী সকল ব্লগার, পাঠক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। পাশাপাশি সাথে থেকে সবসময় আমাদের উৎসাহ অনুপ্রেরণা দেবার জন্য আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা রইলো।
