# আজ রাতে, একজন স্বার্থপর মানুষের প্রার্থনা…

Author: অন্তরা মিতু
Published: 2013-06-25
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be/

১  
–  
স্রষ্টার কাছে শুধু টিকে থাকার প্রার্থনা আজ রাতে…..  
কোনো বিজয় নয়, কোনো প্রাপ্তির আকাংক্ষা নয়  
তিনবেলা পেট ভরে খাদ্য নয়, শুধু  
এক বেলা হলেই চলবে যেন মরে না যাই…

২  
–  
যেন টিকে থাকি… রক্ত যদি না টানে তো চলবে,  
পর-ও যদি আরও পর হয়ে যায় তো যাক….  
নিজেরে যেন খুঁজে পাই সময়মতো……

৩  
–  
খুব দামী প্রয়োজন নেই… পরনে যেন  
মোটামুটি একটা কাপড় থাকে….  
বিলাসিতা নয়….. চাই প্রথম তিনটি  
মৌলিক চাহিদার ন্যুনতম যোগান…

৪  
–  
বারিধারার ফ্ল্যাট নয়, ছোট্ট একটি নিরাপদ ছাদ শুধু…  
আর আকাশ দেখা যায় এমন একটি জানালা…  
আর যেন কিছু কাগজ-কলম… প্রিয় বইগুলো…  
ঘুম ভেঙ্গেই যেন ঘুম-ঘোর-চোখে লিখতে পারি… আমৃত্যু…

৫  
–  
যেদিন মরে যাই, যেন, হঠাত মরে যাই…..  
কোনো প্রস্তুতির সময় যেন না থাকে…..

৬  
–  
মৃত্যুর বহুদিন পরে যেন খবর পায় মানুষেরা ;  
সেই মানুষেরা, যারা আমাকে জন্ম দিয়েছিলো… কিংবা দেয়নি

৭  
–  
সেই মানুষেরা, যারা আমাকে বন্ধু বলে  
শত্রুতার সংজ্ঞা জানিয়েছে…  
আর তারা, যাদের শত্রু ভেবে ভুল করে, পরে,  
তাদের ভালোবাসার কাছেই নত হয়েছিলাম… ;  
আরো চাই, সেই তারা – যেন আমার মৃতমুখ না দ্যাখে,  
যারা যুগ-যুগ আমার প্রেম নিয়ে রসিকতা করেছে,  
বিক্রি করতে যেয়ে ব্যর্থ হয়েছে বারবার, অথবা কিনতে চেয়ে…

৮  
–  
আমার ল্যাপটপের স্ক্রীণ-সেভারে ভেসে ওঠে যার মুখ  
ঠিক ১০ মিনিট আমি ইন-এ্যাক্টিভ থাকার পরে,  
সে-ও যেন খবর না পায় আমার মৃত্যুর… ;  
বেঁচে থাকার জন্য তার ভালোবাসা আমার প্রয়োজন নেই…  
কিন্তু অবহেলাটা খুব ‘বোঝা’ হয়ে উঠেছে….  
সেই বোঝা-বহনের শক্তিটুকুও আমাকে দিও, হে স্রষ্টা…  
এর চেয়ে বেশী কিছু চাই না… চাই না সে-ও পুড়ুক আমার জন্য…..

৯  
–  
আমার টিকে থাকার মাঝে মাঝে, তাকে ভেবে ভেবে  
ছাই হওয়া – এ-ইই তো বিশাল আনন্দ, সুখ… ;  
প্রয়োজন নেই – সে-ও ভাবুক এভাবে…. অথবা  
জানুক আমার ভাবনা…………….. ;  
আমি একবেলা খেয়ে, সূতী একটি শাড়ি জড়িয়ে,  
ছোট্ট জানালায় চোখ রেখে অপেক্ষা করি রিম-ঝিমের জন্য,  
মাঝে মাঝে…. তাকে ভেবে ভেবে….

১০  
–  
আর কিছু চাই না স্রষ্টা…… শুধু এইটুকু টিকে থাকি…  
বাড়তি কিছু নয়, এমন কি দিও না যতটুকু প্রয়োজন- তা-ও…  
শুধু ন্যূনতম বেঁচে থাকার কিছু ‘র-মেটেরিয়াল’ হলেই চলবে…….  
আর,  
এইটুকু দিলেই, দেখে নিও,  
ঠিক বেঁচে থাকবো… টিকে যাবো….

.  
————-  
রাত প্রায় ১টা  
৬জুলাই ২০১২  
ঢাকা…  
.  
\# গত বছর পবিত্র রাতে লেখা…….  আজ, ‘সোনেলা’র প্রিয়জনদের জন্য……………  
.
