# আজ থিতু হয়েছি রাস্তার ওপাশে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-07-16T16:38:50+00:00
- Updated: 2018-07-17T03:45:14+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%81-%e0%a6%b9%e0%a7%9f%e0%a7%87%e0%a6%9b%e0%a6%bf-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%aa%e0%a6%be/

---

অথচ বুকের নিভৃত গহীনে ভাঙাচোরা আরও এক রাস্তা ডাকে,  
ডেকে যায় অশরীরী হয়ে, নিঃশব্দের শব্দে, অউপেক্ষণীয়তায় ক্রমাগত,  
সাড়া দিতে মন চায়, পারি না, পারবো-ও না!

অরণ্যের গভীরতায় হেঁটে যেতে যেতে  
সবুজে সবুজ হয়েছি, ম্যারাথন বা স্প্রিন্টারদের এড়িয়ে,  
রক্তঝরা ফোস্কা ফেলা পায়ে;

চোরাবালির চোরাস্রোতেও পেয়েছি পথের দিশা,  
উদ্ধত উন্মত্ত ঝড়ের কবলেও পথ আমাকে ফেলে যায়নি;  
সন্ধ্যার মিঠে অনুজ্জ্বল আলো-ফেলে পথের সাথে হেঁটেছি কত পথ,  
বারান্দায়/সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুনসুটির ছলে  
সপ্তর্ষিমণ্ডল, স্বাতি, অরুন্ধতি, আদমসুরত ও কালপুরুষ দেখতে দেখতে  
শরীরী-প্রাণের উন্মাদনায় নিষিদ্ধ ফল খেয়েছি বারে বারে, অনুতাপ করিনি;

আরও একটি কানা-গলির চোরা-ডাক শুনতে পাই, যাই-ও,  
থাকি-না, পরকীয়ার নিষিদ্ধ আনন্দের ডাক শুনতে পাই,  
একেবারে মন্দ লাগে তা কিন্তু বলছি না।

অনেক চেনাজানা মুখের অনন্ত-আকাশ আর খুঁজে পাইনা,  
আজকের মসৃণ রাস্তা থেকে দূরে সরে দূরে এসে থিতু হয়েছি!  
তারাদের কৃষ্ণপক্ষে!

আমার ধুলো-মাখা সোনা-উঠোন রাস্তার ওপাশে এখনও ফাঁকা!  
ভাতঘুমে লুম্পেন-বাতাস হামাগুড়ি দিয়ে ডাকে, না।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%81-%e0%a6%b9%e0%a7%9f%e0%a7%87%e0%a6%9b%e0%a6%bf-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%aa%e0%a6%be/#comments
