# আগুন চোখের আড়ি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-06-27T23:26:00+00:00
- Updated: 2018-06-27T23:26:00+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a7%9c%e0%a6%bf/

---

দূর-দিগন্তে হা হয়ে দাঁড়িয়ে,  
উত্তাল-উদ্দীপ্ত-উত্তপ্ত জোয়ার-সমুদ্র মেলে ধরে  
থেকে থেকে চোখাতে হবে না বর্ষাসৌরভে মেতে মেতে,  
স্বপ্ন-মগ্ন-চৈতন্য অ-চৈতন্যের আকাশ-বাড়ীতে;  
শব্দ-নৈশব্দের বেড়াজাল ডিঙ্গিয়ে;

রাত্রিকে ডেকে বলি  
দ্বিধার-পর্বতে মাথা না-কুটে  
কাছে-তো আসো, বসো, বসি মুখোমুখি,  
না-বলা-কথায় কথা বলি, কথকথা বলি,  
যাচ্ছোতো বেশ অবেলায়! খুবই ভীষণ তড়িঘড়ি বুঝি!

চোখ মেলে ধরে, চোখ বন্ধ করে,  
চোখে চোখ ফেলে, অনুপল-অনুক্ষণ-সারাক্ষন বসে থাকতে রাজি আছি,  
কথায় কথায় হা-হা হি-হি, সতেজ লেবু-গন্ধা মাখামাখি,  
ধুন ধরে বসে থাকা! তাতেও রাজি,  
না-বলা বলায় গভীর যত গপ-শপ, যদি চাও আরও কিছু! তাও মানি;  
শেষমেশ শর্ত শুধু একটি, একটি-ই,  
শেখাতে হবে অব্যর্থ ‘এছমে আজম’ অবশ্যই;

এ কিন্তু বড্ড ভীষণ বাড়াবাড়ি,

বেশুমার জ্বলন্ত-আগুন-উজ্জ্বল চোখ ছুঁড়ে বলে  
দিলাম তোমায় জনম-জনম আড়ি;

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a7%9c%e0%a6%bf/#comments
