# আগুনের উদ্বাহু নৃত্য

Author: পারভীন সুলতানা
Published: 2016-02-07
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a7%81-%e0%a6%a8%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af/

ঈশ্বর ,  
তুমি কি এখন কোন স্বরলিপি লিখছ?  
লিখছ মানুষের অদম্য সাহসের অঙ্গীকার  
জীবশ্রেষ্ঠ মানুষের জীবনাচার ?  
নাকি হাত গুটিয়ে বসে আছ মহাকাল শুন্যতায়  
দেখছ, মানুষ মত্ত কেমন উদ্বাহু নৃত্য চর্চায়  
আর তাই, গান আর বাদ্য স্তব্দ, বন্ধ আনন্দ অপচয়।  
ঈশ্বর, তুমি কি হৃদয়হীন ?  
তুমি চুপ, নিশ্চুপ !  
যেখানে ইরাক, সিরিয়া আফঘানিস্তান  
জ্বলছে ধিকি ধিকি ফিলিস্তিন,মিশর আর পাকিস্তান !  
ধর্মের ফেরিওয়ালা, ধর্ম সঙ্কটে সহস্র কোটি প্রাণ ।  
তুমিও ধর্মহীন হলে, ধর্মের প্রবর্তক  
শ্যামল শান্ত নিরীহ বাংলায়,  
শুকুনির থাবায় রক্তনদী বয়ে যায় ।  
মাতৃগর্ভে নির্ভার নয় শিশু, এও দেখতে হয় ?  
পতাকায় শুকুনির থাবা, বুঝে কি সাধারণ  
জুয়া খেলে রাজনীতি , বিবর চায় সিংহাসন ।  
ঈশ্বর , তুমি অন্ধ এক্ষণ  
নাকি মৌনতায় প্রলম্বিত করছ ধ্যান ?  
দেখ কি অপূর্ব নৃত্য মুদ্রায়  
মানুষের আগুন নৃত্য,  
না’কি আগুনের মানবনৃত্য প্রদর্শন !
