# আগামীর বসন্তে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-02-13T10:47:57+00:00
- Updated: 2021-02-13T10:48:44+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87/

---

 

বিলাসী স্বপ্নচারিতার অবগাহনে ক্লান্ত এ বসন্ত-প্রাণ,  
কামোচ্ছল রমণীয়তা ঢেলে প্রাচুর্য-প্রবল-প্রতাপের চিত্রময় রূপ নিয়ে  
হাড়-ছোঁয়া বাঁধনে, কৃষ্ণচূড়ার লাল ফুলে শিশির ঝরা নিশিরাত পেরিয়ে  
উজ্জ্বল প্রত্যুষে, বসন্ত স্পর্শ করতে চায় সবাইকে;

করোনা কালের কোয়ারেন্টাইন  
তড়পানো শরীর-মন মেলে রাখা/দেয়া যাচ্ছে না  
এই মনোরম বাসন্তী হাওয়ায়;

টিকা/ভ্যাক্সিন, সে তো নিতেই হবে,  
সুঁইয়ের ভয় বিলক্ষণ তাড়া করে, যদিও বয়ে যাওয়া বহু বসন্ত/শীতে  
কত কত সুঁই/সূচ ফুটেছে মেলে ধরা বাহারি ফুলের প্রাণে,  
প্রজাপতি আর ভ্রমরের গুঞ্জরণে আনন্দ সরোবরের গাঢ় আলিঙ্গনে;

বসন্ত এবার গোপনীয়তার নিরেট স্তরে হাড্ডিসার কংকাল,  
ছল করা/ছল ভরা প্রেম শুধুই পুরনো আসবাব;

মুগ্ধ-স্নিগ্ধ অরণ্য ঘ্রাণের পূর্ণতা নিয়ে  
বসন্ত আসবে আবার স্বমহিমায় (এবারে –না)  
আগামীর করোনাবিহীন কালে, মঙ্গল প্রদীপ হাতে,  
স্তব্ধতার তীব্র শীত শেষে, রোদ-জ্যোৎস্নার কলতানে।

ছবি, নেটের।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87/#comments
