# আগন্তুক

Author: ছাইরাছ হেলাল
Published: 2012-11-07
Category: একান্ত অনুভূতি, বিবিধ
Tags: একান্ত ভাবনা
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%81%e0%a6%95/

জ্যোৎস্নায় ছায়া ফেলে উলুক রাত্রি  
এ যেন মন্বন্তর আলোর উৎসবে,  
যন্ত্রণার অবগুণ্ঠনে রমিতা আমি  
রক্ত-গন্ধ হাঁস ফাঁস নিঃশ্বাস ।

রাত্রি এখন নিকষ নিস্তব্ধ নিপাট সাজে  
বাদুড়ের ডানার ছায়ায়;  
চাঁদের বুড়িটা ছিল যেমন তেমনই আছে এখনও  
শুধুই জবুথুবু আরও।

হে শহর —  
জড়তায় নুয়ে কেন ?  
কেন এ অনুর্বরতা ?

জ্যোৎস্নার আলিঙ্গনে  
এখনও কথা বলে তারারা……  
ইশারায় চুপিসারে চিৎকারে  
বিপুল উৎসাহে ,  
জ্বলন্ত চাঁদ জ্বালিয়েছে শূন্য মরুভূমি  
ভালোবাসার তরল আগুনে ।
