# আকাশ রঙের ভুল

Author: আগুন রঙের শিমুল
Published: 2017-03-13
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%b0%e0%a6%99%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%81%e0%a6%b2/

আকাশের রঙ পাল্টে যায় –  
প্রতিটি বেগোনভিলিয়ার মতো, অ-সুখী বেগুনি,  
অথচ তার বুকের ভেতর রঙহীন সাদা।

প্রতিটি বিষন্নতা গন্ধফুলের পরাগরেনু মেখে  
ছুয়েঁ দিতে চায় দিন, দেখেনা আকাশচুরি হয়ে গেছে।  
নীল নেই আর, বুকের কাছে মৃত চড়াই –  
শক্ত হিম পাখায় সাবেক স্বাধীনতার ঘ্রাণ।

উচ্ছসিত আলোর ছটায় মগ্ন সকলই –  
বেগোনভিলিয়ার বুকের রঙের আকাল,  
চড়াইয়ের মৃত উল্লাস, বিপন্ন আকাশ;

বীপরিতে, জানালায় জেগে থাকে আলো  
সাঁঝরাত, মাঝরাত, ধলপহরে –  
সাঁওতালী মাদলের মতো বেজে যায়,  
এক ঘর, এক বাড়ি, একটাই জানালা ; পাশাপাশি  
তবু চুপচাপ মাঝরাতে কেদে ওঠে কেন জলরাশি।
