# আকাঙ্ক্ষার এ কী দাহ

Author: সৈয়দ আলী উল আমিন
Published: 2017-02-26
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8f-%e0%a6%95%e0%a7%80-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b9/

আকাঙ্ক্ষার এ কী দাহ  
ক্রমে ক্রমে সবই ফেলে এসেছি  
কত গৃহ, কত মানুষ  
এবং অনেক ঠিকানা ।  
এখন আমার জন্য আরও কোনও ঠিকানা,  
কোনও বিতর্ক, কোনও মানুষ  
দেখা ও জানা অবশিষ্ট আছে কি ?  
আকাঙ্ক্ষার এ কী দাহ– সেকি শুধু আমার জীবনে!  
জানি না-  
যখন আমি গৃহে থাকি  
অথবা পুস্তকের পাতার শব্দের মধ্যে  
তখন অতীতের প্রতিধ্বনি গুলো  
কেমন যেন বিচলিত করে !  
আর ভাবি\_  
আবার কি পথযাত্রা শুরু করা যাবে?  
আমি কি ডুব দিতে পারবো সাগরে  
ঝিনুকের সন্ধানে ?  
আমার নাম কি কারোও হৃদয়ে থাকবে !  
অথবা কর্মে, অথবা পিপাসায় অথবা তুলনায় ?  
জানি না-  
কেমন যেন বিচলিত হয়ে উঠছি-  
মনে হচ্ছে নির্জনতার মধ্যে কাজগুলো ভেদ করে  
কতকগুলো পাখি যেন উড়ে যায়  
এবং আমার সকল আকাঙ্ক্ষা হারিয়ে যাচ্ছে;  
আবার কি পথযাত্রা শুরু করা যাবে?  
আকাঙ্ক্ষার এ কী দাহ– সেকি শুধু আমার জীবনে!  
আবার এয়ো জানি-  
ক্রমে ক্রমে সবই ফেলে চলেছি  
আমার বাড়ি ফেরা থাকবে না,  
শুভাগমন থাকবে না-  
আমন্ত্রণের শয্যাও থাকবে না-  
তবুও আমার একটি ঠিকানা প্রয়োজন  
যেখানে অপ্রতিরোধ্য অবসানে  
আর কোনও স্বপ্নের সম্ভাবনা থাকবে না ।  
তবুও জীবনে আকাঙ্ক্ষার এ কী দাহ– সেকি শুধু আমার জীবনে!

\_\_\_\_\_\_ সৈয়দ আলী উল আমিন

কবিতার জন্য কি, কী তে দীর্ঘিকার ব্যবহার করা হয়েছে।
