# আওয়াজ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2016-12-13T20:30:54+00:00
- Updated: 2016-12-13T20:30:54+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%9c/

---

শিকার! দেখেছো কি শিকারি?  
চোরা চোখের আড়াল ফেলে, ড্যাব ড্যাবে গোল গোল চোখে!

আঁধারের অভিসন্ধিতে দুরভিসন্ধিশাসিত পুষ্পিত লকলকে জিভে  
নির্ভয়শিকারি উঁচুবুকে রাজপথ থেকে গলিপথে হেঁকে চলে  
শিকার শিকার,

দীঘল গুচ্ছের ফুলদ্বীপে মিশে মিলে শব্দহীন পাখায় আনন্দোচ্ছল ওড়াউড়ি  
প্রত্যুষপ্রজাপতির আনাগোনা, উল্টে পাল্টে নিজেকে দেখা,  
জেগে ওঠা পাখির কূজন, হৃদয় দিয়েছিলে ঠাঁই ক্ষণে বদলানো মেঘদল;  
দূর ব্যস্ততার কোলাহল আবর্জনার ভাগারে,  
এখানে শব্দহীন নীরবতার নিভৃত ছায়া, নিশ্চুপ আলোর কাচজ্যোৎস্না  
অমিতব্যয়ী প্রাণাবেগে,

ধাড়ী শিকারি গুড়ি মেরে জেগে ওঠে, ক্রমাগত হেঁকে চলে  
সু উচ্চতায় ধ্বনিত হয়, শিকার-শিকার,  
উল্লাসে বিদ্বেষে নিরন্তরে;

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%9c/#comments
