# অ্যানিম্যাল প্ল্যানেট (সোনেলা ম্যাগাজিন-২০২২)

Author: নবকুমার দাস
Published: 2022-07-29
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%b8/

অ্যানিম্যাল প্ল্যানেট

– নবকুমার দাস

**অশ্বতর** 

প্রৌঢ় বাবা বলতেন :

গাধা পিটিয়ে কখনো ঘোড়া হয়না ।

তবুও আমি গাধাদের সামনে থেকে ঘাসজল খাইয়ে গেছি

যদি তাদের মধ্যে দুই একটা ডারউইন সাহেবের  ভক্ত  হয়ে ওঠে।

অবাক হয়ে দেখলাম :

অশ্ব নয়,

বরং দিন দিন অশ্বতর হয়ে উঠছে

মহান রাষভকুল ।।

**কুম্ভীর**

ওঁত পেতে শুয়ে আছে বালুতটে

তল্লাট জুড়ে দেঁতো হাসির মখমল

ঘোলা জলে কেবল লেজের তরপানি ।

এক যোগে ঝাঁপিয়ে পড়ে নিমেষে হাপিস হাড়মাস নখ চুল

একাকার খাদ্য খাদক শৃঙ্খল,

পেটমোটা সর্বভূক সর্বহারা ।

আছে কিছু ঘড়িয়াল

সুবেশ তরুণ মেছো,

কদাকার নক্রের ভীড়ে

একক শিকারী ।

অতীব ধুরন্ধর, ক্ষুরধার নখ ও দাঁত ।

জলেতে বসত

তাই সাবধানে থেকো শুশুক ভাই

সান্ধ্যভাষায় চর্যাপদ লেখা

কাহ্নপাদ লুইপাদ ভুসুকপাদ শান্তিপাদ …

**ঢোল**

গভীর জঙ্গলে ঢোলের রাজত্ব ।

খুবলে খায় তৃণভোজী কোটরা নীলগাই

গউর বাইসন বারশিঙা হরিণী

তেমন সুযোগে মহাবলী ঐরাবতও  ।

ঢোলেরা দলবেঁধে থাকে,

প্যাকসের প্যাকেজ

অফুরান উৎসাহ,প্রেষণা প্রণোদনা ।

নিরন্তর লালাক্ষরণ

তাই প্রকাশ্যে অপ্রকাশ্য অনল ।

শৃগালে-ঢোলে তুতো ভাই

যেন কানাই-বলাই,

ঢোলেরা ধুর্তশিরোমণি

মহারাজের জান-পেহচান  …

**শৃগাল**

এই সব শিয়ালেরা

মহাপন্ডিত বাগানো চশমা,

শেমলেস রিম অথবা রিমলেস শেম

সারাদিন অং বং চং

হুক্কা হুয়ার ক্যা হুয়া ধুয়া মন্ত্র।

এই সব শিয়ালেরা

কুমিরের সঙ্গে যৌথ প্রযোজনায়

বাঁশ চাষ করে পাড়ায়-বেপাড়ায় সম্বৎসর

দাতব্য বাঁশশ্রী ঘনশ্যাম বাজায় বেনু, বেণুবনে

শৃগাল রাজা উড়ো খই ছড়িয়ে দেন

গোবিন্দের নামে …

অন্ধকার ঘনায় চরাচরে নাকি

অন্ধ গায়ক গেয়ে যায় সুভাষিত নামাবলী  চৌদিকে

সেই সব শিয়ালেরা সন্ধানে থাকে ভুখা ছাগলের

তারপর কাঁকড়া চিবিয়ে

মিষ্টিজলের হদিস দিলাম বলে বারবার

বোকা পাঁঠার পিঠে ও মাথায় পা রেখে কেটেপড়ে,

উঠেপড়ে মগডালে

কাঁকড়া জনতা লড়তেই থাকে রোটি মকান কাপড়ায়।
