# অহেতুক দাঁড়িয়ে থাকা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-07-23T16:41:40+00:00
- Updated: 2021-07-24T02:49:42+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b9%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81%e0%a6%95-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%81%e0%a7%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%be/

---

 

কোন এক বিবস্ত্র তিথিতে অনুভূতি প্রদক্ষিণ করে  
চুপিসারে দাঁড়াবো সোনেলার গা-ঘেঁসে সবার অলক্ষ্যে,  
আশ্চর্যরকম সতর্কতায়; ষষ্ঠ, সপ্তম, অষ্টম ইন্দ্রিয় টান টান করে,  
দেখে নেব এখানে-সেখানে কী-হয়, কে কী-লেখে, লিখবে বলে ভাবে;  
ভেবে ভেবে টো টো করে, ইতিউতি-ও;

শুনতে পাই, এখানে অতি সামান্যের একটি মাত্র অক্ষর এঁকে দিলে,  
আনন্দ-বেদনা নিয়ে ভাবলেও, সেই ভাবনার সুলুক সন্ধান  
সমুত্থিত রোদ্দুরের মত স্পষ্ট হয়ে ধরা দেয়, অদৃশ্যের কোন আয়নায়!

টান-টান হাসাহাসি, টুটি-চাঁপা হাসি, পাঁজর ভাঙ্গা দৃশ্যমান-অদৃশ্য অভিমান,  
দ্বিধাহীন বিলাসী প্রতিজ্ঞা, ধরা-ছোঁয়ার বাইরের কোন অভিশাপ;

জানি, দাঁড়িয়ে থাকার এই স্বতঃস্ফূর্ত অপব্যয়তা, কোন মানেই নেই,  
জানি, এ নয় কোন শিবরাত্রির উপাসনা, ব্যস্ত ব্যাকুল অন্তরে,  
জানি, এই যে পলক-পলক ঝুলে থাকা, আঁকড়ে থাকা প্রাণপণে;

অতঃপর মরি-বাঁচি ঝাঁপিয়ে পড়া, পাঁজরের নিচে উন্মনা জৈবতার  
নির্দোষ স্পন্দন সবুজ হৃদয়ের আঙিনায়,  
উপেক্ষার নয় মোটেই, নুয়ে পড়া আবছা আলোর অসারতায়;

ছবি নেট থেকে।

---

Comments: 32 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b9%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81%e0%a6%95-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%81%e0%a7%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%be/#comments
