# অষ্টাদশী প্রেম

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-03-02T11:56:12+00:00
- Updated: 2020-03-02T11:56:12+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b6%e0%a7%80-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae/

---

স্মরণের বাতায়ন খুলে তোমারি অপেক্ষায়-  
কত শত কথার পংক্তিমালা সাজায়  
অবোধ্য,বেশরম মনটা।  
অহোরাত্র তোমারি বাসনায়;  
উত্তাল-পাতাল কুমারী যৌবন নেশার স্ফুলিঙ্গ ছড়ায়।  
প্রণয়ের অনুভূতিতে শিহরিত অষ্টাদশী কুমারী।  
সলাজে লজ্জাবতী যেন করমচা আদল পায়।  
স্নানঘরে জলস্পর্শে তোমারি চুম্বন-  
চুয়ে যায় কপোল বেয়ে বক্ষচূড়ায়।  
রজঃস্বলা জরায়ুতে তোমারি বীর্যপাতের অঙ্কুর ফোঁটাতে চায়।

রেশমী বিকেলে সন্ধ্যার সোনা-রঙ  
যখন আলিঙ্গনে কম্পিত;  
তোমারি দু’বাহু আবেশে-  
আদিমতায় বেহিসেবি আঁচড় কাটে দেহ পুঞ্জে।  
তোমারি প্রেমের উন্মাদনায়-  
ব্যাকুল হয়ে ওঠে চিত্তের অনুরনন,  
নয়নের আড়শিতে তোমারি অবয়ব দৃশ্যমান।  
হৃদয়ের ক্যানভাসে তোমারি প্রেমের আল্পনা আঁকিবুঁকি;  
তোমারি ভাবনার মায়াজালে বিভোর অবুঝ কুমারী –  
অষ্টপ্রহরের হিসাবে আনাড়ি।  
কামনার নদীতে নিমজ্জিত তনু-মন;  
কাটিছে দিবানিশি তোমারি ঘাটে নোঙর করি।  
অষ্টাদশী প্রেমের আনাড়িপনায় বেখেয়ালি;  
তোমাতেই বিলীন হয়ে ভিড়ায় তরী।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b6%e0%a7%80-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae/#comments
