# অমর একুশে বইমেলা ২০২০ উপলক্ষে সোনেলার ব্লগারদের প্রকাশিত বইসমূহ

Author: তৌহিদুল ইসলাম
Published: 2020-02-01
Category: বুক রিভিউ
URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ae%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%95%e0%a7%81%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b2/

বাংলা ব্লগিং জগতে **সোনেলা ব্লগ** নবীন এবং প্রবীণ লেখকদের সমন্বয়ে একটি অনন্য অসাধারণ ব্লগ। সোনেলা ব্লগ কর্তৃপক্ষ সবসময় আমাদের লেখকদের তাদের নিজেদের বই প্রকাশে উৎসাহ প্রদান করে থাকে। যেহেতু সোনেলার লেখকগন তার পাঠকদের হৃদয়ে ধারণ করে সেজন্যই ব্লগের লেখকদের প্রকাশিত বই নিয়ে আমরা সবসময়ই গর্বিতবোধ করি।

একজন লেখকের কাছে তার নিজের লেখা বই সন্তান সমতুল্য। পাঠকদের কাছে নিজেকে একজন লেখক হিসেবে গ্রহণযোগ্য করে তোলার অন্যতম মাধ্যম হচ্ছে বই। যখন কোন লেখকের বই প্রকাশিত হয় সেটি নিয়ে তার উৎসাহ উদ্দীপনার শেষ থাকেনা। আর বইমেলায় এত এত লেখকের বই প্রকাশিত হয় যে পাঠকগনও দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে ঠিক কোন লেখকের বই তারা কিনবেন।

পাঠক, আপনাদের এই দ্বিধা দূর করতেই অমর একুশে বইমেলা ২০২০ এ আমাদের সোনেলা ব্লগের লেখকদের প্রকাশিত কিছু বই নিয়ে আজকের এই লেখাটি আপনাদের ভালো বই কিনতে সাহায্য করবে নিশ্চিত।

**বইমেলা ২০১৯ এ সোনেলার জনপ্রিয় ব্লগার রিমি রুম্মান তার নিজের লেখা “অনুভূতির আকাশে তারার মেলা” বইটি সোনেলাকেই উৎসর্গ করেছিলেন। এবার বইমেলা ২০২০ এ যিনি তার বই লেখার অন্যতম উৎসাহদাতা হিসেবে নিজের বইয়ে সোনেলার সবার কাছে কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন তিনি “শেষ বিকেলের রোদ্দুর” বইয়ের লেখক ব্লগার সুরাইয়া পারভীন।**

### \==========================

### বইয়ের নাম- শেষ বিকেলের রোদ্দুর  
লেখক- সুরাইয়া পারভীন।

![](https://sonelablog.com/wp-content/uploads/2020/02/received_2691896014224163-1-1.jpg)

**শেষ বিকেলের রোদ্দুর**

লেখিকা সুরাইয়া পারভীনের জন্ম এবং বেড়ে উঠা জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায়। শৈশব থেকেই গল্পের বইয়ের প্রতি প্রচন্ড ঝোঁক ছিল তার। বই পড়ার নেশা থেকেই বই লেখার অনুপ্রেরণা পান সুরাইয়া পারভীন। শেষ বিকেলের রোদ্দুর লেখিকার প্রথম উপন্যাস।

“শেষ বিকেলের রোদ্দুর” একটি নিখাদ প্রেমের উপন্যাস। মেসেঞ্জারে কথা বলতে বলতে দুজন দুজনের প্রতি যথেষ্ট দুর্বল হয়ে যায়। কিন্তু কেউ কাউকে প্রপোজ করে না। কে আগে বলবে এই দ্বিধাদ্বন্দ্বে ভুগতে ভুগতে একদিন মোহনা সিদ্ধান্ত নেয় আজই সে অর্ণবকে বলবে তার আজন্ম লালিত স্বপ্নের কথা, অর্ণবই হবে তার জীবনের প্রথম প্রেম, প্রথম স্বপ্ন পুরুষ। কিন্তু সেদিনই মোহনা জানতে পারে অর্ণব প্রচন্ড অসুস্থ। তার একটা কিডনী প্রায় অকেজো হয়ে গেছে। এ কথা শোনার পর মোহনা ভেবে পাচ্ছে না সে কি করবে? সে কি অর্ণব কে বলবে- অর্ণব আমি তোমাকে ভালোবাসি। আমি শুধু তোমাকেই ভালোবাসি।

**প্রকাশনীঃ প্রিয় বাংলা প্রকাশন**  
**প্রচ্ছদঃ শ. ই. মামুন**  
**মূল্যঃ ২৪০ টাকা, ২৫% ডিসকাউন্টে ১৮০ টাকায় পাবেন।**  
**স্টল নং- ২২৩-২২৪**

\=====================

### বইয়ের নামঃ আলো আসে ওখানেও  
লেখক- রেহানা বীথি।

![](https://sonelablog.com/wp-content/uploads/2020/02/received_599075500654235-1.jpg)

**আলো আসে ওখানেও**

রেহানা বীথি সোনেলা ব্লগের একজন পাঠকপ্রিয় লেখিকা। রেহানা বীথির লেখা নিয়ে কিছু বললেও তা অসম্পূর্ণ রয়ে যাবে। তার মেধা, মননশীলতা, লেখনশৈলী এককথায় অসাধারণ।

তাঁর জন্ম ১৯৭৫ সালের ১ সেপ্টেম্বর রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার মহাডাঙ্গা গ্রামে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০০১ সালে এলএলবি (অনার্স) ও এলএলএম পাশ করে চাঁপাইনবাবগঞ্জ কোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু। ২০০৯ সালে এসিস্ট্যান্ট পাবলিক প্রোসিকিউটর হিসেবে মনোনিত এবং বর্তমানে সে পদেই বহাল আছেন। লেখালেখি তার আনন্দ। ২০১৬ সাল থেকে নিয়মিত লেখার সাথে যুক্ত। স্থানীয় দৈনিক গৌড় বাংলা, কোলকাতার ‘উত্তরের সারাদিন’ , অনলাইনের বার্তা২৪, সিলেটটুডে২৪ ও জাগরণ ছাড়াও রাজশাহীর স্থানীয় বিভিন্ন পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে।

“আলো আসে ওখানেও” বইটি মোট ১৪ টি ছোটগল্পে সাজানো হয়েছে । এই বইটিতে অজ পাড়া গাঁয়ের ছোট্ট মেয়ে ফুলির ধীরে ধীরে ববিতা হয়ে ওঠার করুণ কাহিনী যেমন আছে তেমনি আছে জয়া নামের একাকী একটি মেয়ের গল্প। আছে স্বপ্নহীন যুবক বাদলের গল্প যে কিনা নানান ঘাতপ্রতিঘাতে হয়ে ওঠে একজন স্বপ্নচাষী। বইটিতে আরো আছে মুক্তিযুদ্ধের সময় ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া এক হিন্দু পরিবারের সম্পত্তি গ্রাস করে সবুর থেকে সবুর মিয়া হয়ে ওঠা এবং বিবেকের দংশনের গল্প। আছে নগরীতে আসা দেবদূতের চোখে ধরাপড়া ওই নগরীর কোমলমতি শিশুদের কষ্টগুলো। এমনই সব অসাধারণ গল্প নিয়ে তিনি লিখেছেন আলো আসে ওখানেও বইটি।

**প্রকাশনীঃ অনুপ্রাণন প্রকাশনী**  
**প্রচ্ছদঃ আইয়ুব আল-আমিন**  
**মূল্যঃ ২২০ টাকা। বিশেষ ছাড়-২৫%**  
**স্টল নং- ২৩১-২৩২**  
\===================

### বইয়ের নামঃ পর্বতকন্যের ইতিকথা  
লেখক – প্রদীপ চক্রবর্তী।

![](https://sonelablog.com/wp-content/uploads/2020/02/received_914642812334191-1.jpg)

**পর্বতকন্যের ইতিকথা**

লেখক প্রদীপ চক্রবর্তী (দীপক) জন্ম ১৯৯৮ সালের ১লা ডিসেম্বর। প্রকৃতিতে সুশোভিত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ঘোলসা গ্রামে তার জন্ম। পিতা- দয়ানন্দ চক্রবর্তী, মা- শিউলি চক্রবর্তী। ২০১৫ সালে বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের পয়লোয়ান বাড়ি উচ্চবিদ্যালয় থেকে এস.এস.সি এবং ২০১৭ সালে বড়লেখা সরকারি কলেজ থেকে এইচ এস সি পাস করেন । বর্তমানে তিনি বড়লেখা সরকারি কলেজের থেকে স্নাতক বিভাগে অধ্যয়নরত। ছোটবেলা থেকে প্রকৃতি, আর ভ্রমণ সবসময় তার ভাবনাপঠে থাকতো। প্রকৃতি আর ভ্রমণবিলাস অনুধাবন করে সোনেলায় লিখেছেন কবিতা, অণুকবিতা, গল্প, রম্যগল্প, আড্ডা, চিঠি এছাড়া উপন্যাস। তার লেখা কবিতা এবং গল্প বেশ কিছু ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। তাছাড়া কলকাতার ইচ্ছেডানা স্টুডিও থেকেও তার লেখা কয়েকটি কবিতার আবৃতিও প্রকাশিত হয়েছে।

“পর্বতকন্যের ইতিকথা” লেখকের লেখা অতুলনীয় এক প্রেমের উপন্যাস। উপন্যাসে নায়কের নাম দীপ আর নায়িকার নাম পার্বতী। দু’জনের দেখা হয় কলকাতায় এক সম্ভ্রান্ত জমিদার বাড়িতে। একে অপরকে বেশ ভালোবাসে। প্রথমে পার্বতী দীপকে ভালো না বাসলেও পরবর্তী সময় যত দিন অতিক্রম করে তাতে পার্বতীর ভালোবাসা বেড়ে ওঠে দীপের প্রতি। দু’জনে কত অহর্নিশ রাত্রি কাটিয়েছে জমিদার বাড়িতে, মোহনীয় হয়েছিলো তারা শিউলি ফুলেরগন্ধে। হঠাৎ প্রেমের মাঝে নেমে আসে বিরহবেদনার কালো ছায়া। পার্বতীর জন্য একে একে বিবাহের আলাপ আসতে থাকে। কিন্তু পার্বতী দীপকে ভালোবেসেছে মনে প্রাণে তাই সে অন্যকাউকে আর জীবনসঙ্গী করতে চায় না।  
একটা সময় দু’জনেই নিয়তির দিকে চেয়ে থাকে।

কি হয় শেষ পর্যন্ত! তা জানতে হলে পর্বতকন্যের ইতিকথা বইটি আপনাকে পড়তেই হবে। বইটি পড়লে আপনি শরৎচন্দ্র ও তার সমসাময়িক লেখকদের ছোঁয়া পাবেন নিশ্চিত। যা লেখক এবং তার লেখাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে।

**প্রকাশনীঃ মাছরাঙা প্রকাশন**  
**প্রচ্ছদঃ জায়েদ রবিন**  
**মুল্যঃ ১৮০ টাকা। বিশেষ ছাড়ে পাবেন মাত্র ১৫০ টাকায়।**  
**বইটি মাছরাঙা প্রকাশন থেকে প্রকাশিত হলেও একুশে বইমেলায় প্রান্ত প্রকাশনীর স্টল নং- ৬০৮-৬০৯ এ পাওয়া যাবে এবং সিলেট বইমেলায় জসিম বুক হাউস স্টলে পাওয়া যাবে**

**ব্লগার প্রদীপ এর এই উপন্যাসের প্রথম সংস্করন শেষ হয়েছে,দ্বিতীয় মুদ্রন চলছে।**  
\===================

### বইয়ের নামঃ গোলাপি জামা  
লেখক- মোঃ আশরাফুল আলম রুমন।

![](https://sonelablog.com/wp-content/uploads/2020/02/received_580172652561467.jpg)

**গোলাপি জামা**

লেখক মোঃ আশরাফুল আলমের ডাকনাম রুমন। লেখালেখিতে ‘রুমন আশরাফ’ নামেই বর্তমানে পরিচিত। জন্ম নারায়ণগঞ্জ জেলায় নানার বাড়িতে। মা-বাবার বড় সন্তান তিনি। বাবার চাকরির সুবাদে বিভিন্ন জেলায় কেটেছে তার শৈশব এবং কৈশোর। অবশেষে নারায়ণগঞ্জেই স্থায়ী নিবাস গড়েছেন তিনি। বর্তমানে একটি মালটিন্যাশনাল কোম্পানিতে কর্মরত আছেন। পড়াশুনা করেছেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে। মা-বাবার উৎসাহে লেখালেখির হাতেখড়ি তার। স্কুল জীবন থেকেই লেখালেখি শুরু। লিখেছেন বিভিন্ন লিটল ম্যাগাজিন আর সাহিত্য পত্রিকায়। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন তিনি। প্রথমবারের মতো ২০২০ সালের বই মেলায় তার লেখা গোলাপি জামা বইটি এককভাবে প্রকাশ হচ্ছে। এর আগে ১৯৯৯ সালের বই মেলায় ‘প্রিয়তমেষু’ নামক একটি সংকলিত কবিতার বইয়ে তার একটি কবিতা প্রকাশিত হয়। লেখালেখি চালিয়ে যাচ্ছেন সোনেলা ব্লগে এবং সোশ্যাল মিডিয়াতে।

“গোলাপি জামা” বইটি কিছু সত্য এবং কাল্পনিক ঘটনা নিয়ে রচিত হয়েছে। সুখদুঃখ আনন্দ-বেদনা নিয়েই আমাদের জীবন। জীবনে চলার পথে ঘটে বিভিন্ন ঘটনা। একেকটি ঘটনা একেকরকম আবেগ-অনুভূতির সৃষ্টি করে। একেক অনুভূতি একেক রকমভাবে অনুভূত হয় আমাদের মাঝে। এরকই কিছু ঘটনাকে কেন্দ্র করে মোট ২৩টি ছোট গল্প নিয়ে রচিত হয়েছে এই বইটি। আশাকরি পাঠকদের ভাল লাগবে।

**প্রকাশনীঃ বাংলাদেশ রাইটার্স গিল্ড**  
**প্রচ্ছদঃ হিমেল হক**  
**মূল্যঃ ২০০ টাকা (রকমারি ডট কম এ পাওয়া যাবে ১৫০ টাকায়)**  
**স্টল নং- ৪৮৪ এবং ৪৮৫**  
\======================

### বইয়ের নামঃ ভূতের স্কুুল  
লেখক – হালিম নজরুল।

![](https://sonelablog.com/wp-content/uploads/2020/02/rsz_received_200745791123391.jpg)

**ভূতের স্কুল**

একজন শিশুর প্রকৃত মানুষ হিসাবে গড়ে ওঠার মন্ত্র নিয়ে নির্মিত দশটি গল্পসম্মৃদ্ধ কিশোর গল্পগ্রন্থ “ভূতের স্কুল” এবারের বইমেলায় আমার ঐকান্তিক প্রয়াস। আশা করি বইটি শিশুকিশোরদের মনোজগতের বিকাশ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইচ্ছা করলে আপনিও বইটি আপনার পরিবারের জন্য সংগ্রহে রাখতে পারেন।

**প্রকাশনী- প্রতিভা প্রকাশন**  
**প্রচ্ছদ- নিসা মাহজাবীন**  
**স্টল নং- ২০৪, ২০৫, ২০৬**  
**মুল্যঃ ১৩৫ টাকা**

(বাংলা একাডেমির বিপরীত পাশে সোহরাওয়ার্দী উদ্যানের মেলার প্রবেশ গেট সংলগ্ন ২য় গলি,ডানপাশে)  
\===========================

### বইয়ের নামঃ গনতন্ত্রের নির্ভীক নেত্রী শেখ হাসিনা- জীবন ও রাজনীতি।  
লেখক – মাহবুবুল আলম।

![](https://sonelablog.com/wp-content/uploads/2020/02/rsz_received_1059747521049606.jpg)

**গনতন্ত্রের নির্ভীক নেত্রী শেখ হাসিনা- জীবন ও রাজনীতি**

অমর একুশে গ্রন্থমেলা ২০২০ এ সোনেলার অন্যতম জনপ্রিয় ব্লগার এবং স্বনামধন্য লেখক মাহবুবুল আলমের লেখা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও রাজনীতি নামক গবেষণাগ্রন্থটি প্রকাশ করেছে ‘জনতা প্রকাশ’ (স্টল নম্বর ৬৭৪-৬৭৭)।

উন্নত প্রডাকশনের ৫১২ পৃষ্ঠার বইটির দাম-৮৫০। ২৫% কমিশন বাদে দাম হবে ৬৩৮ টাকা।

### বইয়ের নামঃ বঙ্গবন্ধুর গল্প শোন।  
লেখক – মাহবুবুল আলম।

![](https://sonelablog.com/wp-content/uploads/2020/02/rsz_1received_267050624276532.jpg)

**বঙ্গবন্ধুর গল্প শোন**

ছোটদের জন্য লেখা “বঙ্গবন্ধুর গল্প শোনো” বইটি সম্পূর্ণ চার কালার, আর্ট পেপারে মুদ্রিত, প্রকাশ করেছে ‘জনতা প্রকাশ’।

**‘অমর একুশে গ্রন্থমেলা ২০২০ স্টল নম্বর ৬৭৪-৬৭৭। ডাবল ক্রাউন সাইজের বইটির দাম-২০০ টাকা। ২৫% কমিশন বাদে দাম হবে ১৫০ টাকা।**

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে অাপনার সোনামণির জন্য বইটি হতে পারে শ্রেষ্ঠ উপহার।

\===============================

#### **অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে, সোনেলার লেখক নৃ মাসুদ রানার বই হুমায়ূন হিমু অনিবার্য কারনের জন্য এবারে প্রকাশিত হবে না। আমরা আন্তরিকভাবে দুঃখিত।**

\===============================

*সোনেলার ফেসবুক গ্রুপে বইমেলা ২০২০ উপলক্ষে সোনেলার লেখকদের প্রকাশিতব্য বই সম্পর্কে তথ্য চেয়ে পোষ্ট দেবার পর স্বপ্রণোদিত হয়ে ব্লগ কর্তৃপক্ষের কাছে নিজেদের বইয়ের তথ্য-উপাত্ত দিয়ে সোনেলার যেসকল ব্লগার আমাদের অবগত করেছেন এই পোস্টে শুধুমাত্র তাদের বই সম্পর্কে লেখা হলো।*

*পোস্টে উল্লেখিত লেখক ছাড়াও সোনেলার আরও কিছু লেখকের বই এবারের বইমেলায় প্রকাশিত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তাদের বইয়ের বিস্তারিত তথ্য আমাদের কাছে না থাকায় তা প্রকাশ করা সম্ভব হলোনা। তবে লেখকদের কাছে অনুরোধ, আপনারা নিজেদের বইয়ের বিস্তারিত তথ্য দিয়ে সোনেলায় লিখুন অথবা আমাদের জানান। আমরা এই পোস্টে সেই সকল তথ্য যোগ করে দেব। এতে পাঠকগণ উপকৃত হবেন।*

**“নির্মল জ্ঞানলাভের আনন্দ পেতে ভালো বই পড়ুন। বই হোক আমাদের নিত্যসঙ্গী।”**
