# অমরাবতীর দৈব প্রাচীরে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-01-14T22:56:22+00:00
- Updated: 2017-01-14T22:56:22+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a4%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%88%e0%a6%ac-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9a%e0%a7%80%e0%a6%b0%e0%a7%87/

---

খিল থাকে সবারই দরজায়, রাত্তিরের বেলা হাট করে হা হওয়া খোলা দরজা কেউ ই চায় না, রাখেও না। আমিও না!! কী না কী ঢুকে-ফুকে যায় প্রবিষ্টতার ছলে, কখনও-সখনও চোর-ছ্যাচোর, চামচিকে থেকে কিউলেক্স মশা বা সাতরঙা প্রজাপতি। খিল চাই, খিল, জবরদস্ত খিল, দরজা সে যেমনই হোক শুঁটকো কিম্বা উটকো, একহারা মেদহীন বা ঢাউস, চিমসে বা মাংসল বা এমুড়া-ওমুড়া দেখা যায় এত্তবড়, খিড়কি বা গুপ্ত সুরঙ্গ, রংচটা ভাঙ্গাচুরা জীর্ণ-শীর্ণ বা টসটসে লৌহকপাট। খিল দেই, তুলি; হাল্কা চালে, মনোরম বা পেল্লায় খিল। ফাঁকতালে চুপিসারে বা গভীর গোপনে খুলে-টুলে সেঁধিয়ে কেউ না যায় পাটাতনের পাঁজর কাঁপিয়ে দুলে দুলে ষাড়োন্মত্ত বিশাল-বিকট ধর্ষকের বেশে।  
রাজকীয় বা কলাপাতার তোরণ-ফরণ যাই তুলিনা কেন, খিল কিন্তু চাই। কখন কী ঢুকে যায় ঢুকিয়ে দেয় জোর জবরদস্তি মেখে, পশু-পাখি ফুল-বেল থেকে অতিকায় আব্রাহাম ট্যাংক পর্যন্ত;  
অবোধ আকুলতায় উন্মন মনে রাত ভরা পৃথিবীতে উদ্ধত, উচ্চকিত, উদ্বৃত্ত হলেও একঝোঁকা খিল চাই, খিল, ছিটকানি নয়, সঘন মনখিল চাই ই,  
অমরাবতীর দৈব প্রাচীরেও তাই ই চাই;

---

Comments: 27 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a4%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%88%e0%a6%ac-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9a%e0%a7%80%e0%a6%b0%e0%a7%87/#comments
