# অভিনয়-শৈলী

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-03-01T10:15:30+00:00
- Updated: 2020-03-01T10:17:04+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b6%e0%a7%88%e0%a6%b2%e0%a7%80/

---

ভাবনার রঙ্গমঞ্চে কত অভিনেতা-অভিনেত্রীরা  
অভিনয় করে গেলো হাসি-কান্না ঝরিয়ে।  
অভিনয় শেষে যে যার গন্তব্যে-  
চলে গেলো সময়ের স্রোতধারায়।  
নদী আর সময় কারো জন্য নয়,  
কেউ হয়তো -একটু আগের প্রিয়জন;  
একটু পরে নিমেষেই হতে পারে অন্য একজন।  
পথ চলতে চলতে নিত্যদিন-  
কত জনের সঙ্গে ভাবের আদান-প্রদান হয়,  
চেনা-জানা হয়-  
তারা কি সবাই চিরকাল মনের আয়নায় প্রতিফলিত হয়?  
প্রায় সবাই হারিয়ে যায়-  
জীবনের ঘূর্ণায়মান চাকার তালে তালে।  
যেমন নদীর দু’তীর আর  
রেলের দু’টি লাইন বহে সমান্তরালে।

দু’একজন থেকে যায় তাদের আপন মহিমায়,  
হৃদয়ের কোন এক অন্ধ গলিতে।  
চোখের সামনে যা ধরা পড়ে-  
সেটাই তখন জীবন, মুখ্য বিষয়।  
অন্যসব হয়ে যায় তখন অজানা, অচেনা।  
অভিনয় কিছুক্ষণ মানুষকে বাস্তবতা থেকে-  
সরিয়ে নিয়ে যায়,এর বেশী কিছু নয়।  
অভিনয় শেষে আবার যার যার ভাবনা তার কাছে।  
এমন অভিনয়-শৈলীতে মুগ্ধ আমি।  
সবাই চলে গেছে তাদের নিজ ভাবনায়,  
নিজ দায়িত্বে, কাজের ব্যস্ততার ভীড়ে ।  
নিরাশার জীবন,রিক্ততায় পূর্ণ মন নিয়ে কেউ কেউ বাঁচে ।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b6%e0%a7%88%e0%a6%b2%e0%a7%80/#comments
