# অবাঞ্চিত তবুও স্বপ্ন

Author: অনন্য অর্ণব
Published: 2021-09-02
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%81%e0%a6%93-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8/

কত না বলা কথার ভীড়ে কথারা হারিয়ে যায় –

বসন্তের বাউলা বাতাস, অনাগত শরতের এই পড়ন্ত বেলায়

মনের গহীনে ঢেউ খেলে কতো যাতনাময়ী স্মৃতি ।

কথা হয় পথভোলা কিশোরীর পথের সাথে- পথে,

এইতো সেদিন, অবনমিত শ্রাবণের নিঃশব্দ নৈঋতে

এক আকাশ নীলের স্বপ্ন নিয়ে শুরু হয় তার স্বপ্নযাত্রা ।

চন্দ্রদ্বীপ থেকে ভাওয়ালের শালবন হয়ে নিকলীতে –

কিশোরীর চঞ্চলা মন চপলা শ্রবণ উড়ুউড়ু প্রাণ পাখি তার

সে যে হারিয়েছে পথ, বাউলের সাথে তার বিভাগী সংসার।

হাওরের জলে ভাসা রাজহাঁসেরও আছে যৌবন-

দেখেছি উদাস মনে জলচর পাখিরাও করে আলিঙ্গন,

কিছু স্বপ্ন লেপ্টে ছিলো পানকৌড়ির উদ্ধত কামাতুর ঠোঁটে।

কিশোরী অবাক চায় অতলে ডুবে সে হায় ভাবনার অথৈ জলে

এতো প্রেম! বোঝেনা সে- কোথায় শিখেছে তারা কোন বিহারে

অথচ মানুষ আমি প্রেমহীন ভবঘুরে ভব সংসারে ।
