# অবশেষে নূতন এলো-ই

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-01-01T09:30:12+00:00
- Updated: 2019-01-01T14:37:59+00:00
- Category: [গল্প](https://sonelablog.com/category/literacy/story/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%82%e0%a6%a4%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%87/

---

অনিষ্পন্ন ব্যাথার মায়া-ফাঁদ লুকিয়ে এ এক নবতম দিন,  
যদিও চাইনি/চাই-ও-না, সময়ের কোল ঘেঁষে/কোল বেয়ে  
ঠিক-ই হাজির, পোড়ামত গরম পিঠে হাতে।  
নখ-খোঁটা, মাথা-নিচু-লাজুকতা ঝেরে ফেলে হীরক-শিশির-উজ্জ্বলতায়।  
এ এক মায়াবী সকাল! মায়াবিনী কী-না কে জানে!!

শীতের দোধারী তলোয়ার বাতাসে সাই সাই করে আগুনের ফুল্কি ছড়াচ্ছে,  
আত্মঘাতী হয় কী-না কে জানে!! আকুপাংচার হলে অসুখীর অসুখ-বিসুখ  
কেটে যাবে সে আমরা নিশ্চিত জানি।

হে নূতনের বছর, মরে ভুত হও, ব্রহ্মদৈত্য না, ঘাড়ে মাথা কিন্তু একট-ই!!  
চিকনে-চামেলিদের নিয়ে যা খুশি করতেই পার, কর-না, এদিকে চোখ রেখ-না প্লিজ!  
তেঁতুল গাছে বসে থেকে পাকা পাকা তেঁতুল ভ্রমে মন উতলা কেউ এলে শুরু করে দেবে  
সেই যে চিরন্তন ফাঁদ-ফাঁদ খেলা।

কবিদের কাছে-পিঠে পেলে উৎসাহে উস্কে দেয়ার ছলে কাচা-কাঁঠাল মাথায় ভাঙ্গার  
মজাই-মজা নিতে পারা যেতেই পারে। তবে ভুলেও অ-লিখিয়েদের দিকে নজর-না,  
মনে রাখতে হবে।

এই যে নিরন্তর আসা-যাওয়া ক্ষয়ে-ক্ষয়ে নিভে যাওয়া, এর মাঝে-ও তুমুল ভাবে  
পথ-মোহনায় অপেক্ষা করে-করে বাঁচতে চাওয়া, গ্রহণ লাগা ঋতুতে সবই ম্যাজিক-খেলা  
অমীমাংসিত থেকেই যায়।

ন্যাড়া বেল তলাতেই যায়/যাবে, এবং তা বারে বারেই।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%82%e0%a6%a4%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%87/#comments
