# অপেক্ষা-প্রতীক্ষার ভাঁজে-ভাঁজে নিরুদ্দিষ্ট কবিতারা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-08-14T16:46:57+00:00
- Updated: 2019-08-15T02:34:45+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%81%e0%a6%9c%e0%a7%87/

---

 

হৃদয়-গভীরের-গহীনে অব্যক্ত সুর/কথার ছলে  
কবিতারা উঁকি দেয়, অসামান্য নিষ্ঠার হেয়ালী-পরায়ণতায়;  
বাগজালের বাগবিস্তারে তাদের ছুঁতে পারি না, এড়াতেও পারি না,  
হাতছানি!! সে-ও তো থেমে নেই;  
নেই, প্রতিভার আলোকসামান্যতা, তা-ও বুঝতে পারি।  
খর-বাস্তবতায় মিষ্টি রঙের অনুভূতিটুকু-ও হৃদয়ের সোনা-মুখে  
তুলে নিলে ছাইমাটি ছাইমাটি হয়ে ওঠে,  
অনুপুঙ্খানুপুঙ্খ-বিবরণে ধরা দিচ্ছে না, হাঁপিয়ে /লাফিয়ে ওঠা মন;

সূক্ষ্মাতিসূক্ষ্ম-অনুভূতি-আশ্রয়ী অন্তহীন-বর্ণনা-অর্চনায় গা –এলিয়ে  
দূরে বসে খেলা করে/খেলা দ্যাখে ওরা;  
চমৎকারিত্বে ঠাসা অনুপম মুহূর্তগুলো ধোঁয়াশা অন্ধকারে অপ্রতক্ষ্যতার  
পলকা-আড়ালে মৃদু-মধুর গরবিনী/বিষাদময়ী গুঞ্জন তোলে।

এক প্রগলভ রুদ্র-নিশাচরের প্রবল বাকস্ফূর্তিতে  
ওরা কী সত্যি-ই কোন কবিতা!  
সে কী কোন ধেয়ে চলা স্রোতস্বিনীর কল-গুঞ্জন!  
ঝঞ্ঝা-ঝড়ের আগাম সতর্ক বার্তা!  
অগাধ-সবুজের কোলাহলে উষ্ণ প্রস্রবনের মাদকতায়  
বিনম্র আমন্ত্রণ! না-কী ব্জ্রবিহীন বিদ্যুতের চমক!

অস্তিত্ব-অনস্তিত্বের একরোখা শীতল কণা-কম্পন-কল্পনা  
খুব-ই চেনা-অচেনার ধূসর ধূলিতে;  
অজস্র চড়াই-উৎরাই স্বচ্ছ-অস্বচ্ছ উজ্জীবিত পর্দান্তরালে  
সৌখিন/অভিজাত অ-বিলাসী সৌরভে।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%81%e0%a6%9c%e0%a7%87/#comments
