# অপেক্ষার মধুযন্ত্রণা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-02-28T15:09:16+00:00
- Updated: 2017-02-28T07:48:29+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%81%e0%a6%af%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%be/

---

দ্বৈতাদ্বৈতের গুঞ্জন তুলে, অর্জন-উপার্জনের কথা ভেবে, বদলাতে হবে না,  
বদলে যাবও না, এই অপেক্ষা-প্রহরে, নিবিড় নিবিষ্ট নিশীথের আলপথে ফোটা  
গোলাপগন্ধা শাড়ি-ফুল, সহসা আঁতিপাঁতি করে হাতড়াতে হাতড়াতে এড়িয়ে-মাড়িয়ে  
আস্তব্যস্ত হয়ে বেপথু-আঙিনায় উঁকি দেব, স্থাণু হব!  
এমন-ও-না,

জ্বলজ্বলে উন্মুখ বুকে-মুখে বিষ পুষে রাখিনি,  
একাট্টা জ্ঞানী-নির্জ্ঞানের অশনি-শাসনে চিৎকার করিনি,  
সায়ানাইড নেব বলে ঠোঁট তুলে হাঁ-হয়ে আছি  
নীলকণ্ঠ নই, তা-তো জানি-ই।

চেনা-অচেনায় খুঁজে ফেরে নিজেকে নিজে  
আসমুদ্রবালিয়ারির ধার ঘেঁসে অপেক্ষা, অপেক্ষা করছে  
একদিকদর্শিতায় খুবই চেনা-অচেনার দহন-বুকে, চুপেচুপে,

বিস্ময়বিমুগ্ধ শব্দছন্দনহরের আড়ালে, দুহি নীরব যন্ত্রণা সঙ্গোপনে,  
নিশি নিশ্বাসের দীর্ঘশ্বাসে, কাঁদি নিরালকান্নায়, স্বর্গোদ্যানে,  
সব-ই রয়ে যায়, না-প্রকাশে;

বুকে কান পাতি, শুনি,  
জন্মজন্মান্তরে ব’য়ে যাওয়া জাতিস্মরের প্রতিধ্বনি  
শ’য়ে-শ’য়ে বিমূর্ত বিস্ময়, হতবাক এখানেও দিব্যি;

সব ঝিনুকে মুক্তো হয় না, সব বৃষ্টিও চাতকের না,  
তবুও অপেক্ষা অপেক্ষায় থাকে  
ঝলমলে বিচূর্ণ আলোয় না-ঘুম শিথানে;

(ফারসি আপ্তবাক্য—‘দুনিয়া বা উমিদ খরদা শুদা’  
দুনিয়া চলছে আশায় ভরসা করে,)

---

Comments: 36 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%81%e0%a6%af%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%be/#comments
