# অন্য কিছু লেখ

- Author: [অরণ্য](https://sonelablog.com/author/oronno/)
- Published: 2015-07-27T09:36:22+00:00
- Updated: 2015-07-28T04:54:24+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96/

---

কিছুই ভাল লাগছে না আর  
কত কি লিখছো তোমরা!  
মহব্বত, প্রেম, দীর্ঘশ্বাস, দুঃখ, কষ্ট  
আরও কত কি!  
কিচ্ছু ভাল লাগছে না আমার।  
কিচ্ছু না!  
একটু অন্য কিছু লেখ।

বৃষ্টির গল্প আর ভাল লাগছে না মোটে;  
স্যাঁতসেঁতে।  
এবার একটু ঝড় লেখ তোমরা।  
ঝঞ্ঝা লেখ একটু, সাইক্লোন।  
কি লিখছ মিড়মিড়িয়ে!  
আমার ভাল লাগছে না।  
সত্যি আর ভাল লাগছে না।  
একটু চিৎকার লেখ না কেন?  
একটু শক্তি লেখ; নির্ভয় গর্জন।

কি লিখছ সব অদ্ভুত নিয়ে?  
চমৎকার পাওনা বুঝি!  
এতো কেন অন্ধকার লিখছ তোমরা?  
আলো লেখ, আলো।  
আমি আলো চাই  
আমাকে আলোর গল্প বলো।  
কি লিখছ ভয়-সংকোচ-পরাজয়?  
একটু সাহস লেখ;  
উদারতা লেখ; ক্ষমা, তোমার জয়।

কি লিখছ সব মৃত্য, ক্লান্তি নিয়ে!  
একটু জীবন লিখছ না কেন তোমরা?  
চোখ খুলছ না কেন তোমরা?  
বলয়ের বাইরে এসে লেখ না একটু!  
লেখ না একটু মহাকাশের অপারে গিয়ে  
দেখ না একটু তোমাকে, আমাকে!

আমাকে একটু জীবন দাও।  
একটু অন্য কিছু লেখ তোমরা  
জীবন লেখ, আলো লেখ।  
একটু বাইরে এসে  
চোখ মেলে, হৃদয় খুলে  
এবার তোমার কথাই লেখ।  
অন্য কিছু লেখ।

---

Comments: 48 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96/#comments
