# অন্তর্জালের সম্মোধন

Author: আনন্দধারা বহিছে ভুবনে
Published: 2015-12-20
Category: একান্ত অনুভূতি
Tags: অন্তর্জালের সম্মোধন
URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a7%e0%a6%a8/

**আমার বাবা তোমার বাবা**  
**মুহিত বাবা মুহিত বাবা**

**গফুর স্বামী ভালো লোক**  
**জয়ের মালা তারই হোক**

**আমার বৌ সবার বৌ**  
**ধরলা বৌ ধরলা বৌ** 

**তামান্না বেয়াইন ভয় নাই**  
**আমরা আছি শত বেহাই**

উপরে চারটি শ্লোগান দিলাম, পৌরসভা নির্বাচন অতি নিকটে তাই। এমন শ্লোগান কি স্বাভাবিক?স্বাভাবিক না হলে কেন স্বাভাবিক না? শ্লোগান ধরা ব্যক্তিটি যদি মুহিতের সন্তান,গফুরের স্ত্রী, ধরলার স্বামী বা তামান্নার বেয়াইন হন, তাহলে তো এমনই স্লোগানই হবার কথা।কিন্তু এমন শ্লোগান আমরা শুনিনি কখনো।নির্বাচনে প্রার্থীকে সন্তান,স্ত্রী,স্বামী,বেয়াইন সবাই ভাই/বোন/আপা বলেন। ভোটের প্রচার পত্র বিলি করা বা বাড়ী বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করার সময় সম্পর্ক যাই হোক প্রার্থীকে ভাই/বোন/আপা বলে সবাই।  
কেন বলেন? সামাজিক ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্ক অচল।সম্বোধনটি পরিবার বা বেশী হলে এক পাড়ার মধ্যে সীমাবদ্ধ থাকে। বড় পরিসরে এই সম্পর্ক কোন ক্রমেই গ্রহনযোগ্য হয়না।

অন্তর্জাল তো আরো ব্যাপক একটি স্থান।এখানে সবার অবস্থান বিশ্বব্যাপী।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এ বন্ধু হিসেবে থাকেন, নিজের আত্মীয় স্বজন বা চিন্তা ভাবনা মিলে যায় এমন কিছু মানুষ থাকেন বন্ধু তালিকায়।একটি ফেইসবুক আইডির ব্যাপ্তি খুবই কম। আর একটি সামাজিক ব্লগের ব্যাপ্তি বিশাল। ব্লগ হচ্ছে বিশ্বব্যাপী উন্মুক্ত একটি স্থান,এখানের সম্পর্ক গুলো আত্মীয়তার মাঝে সীমাবদ্ধ রাখা উচিৎ না।বন্ধুত্ব প্রকাশের স্থানও নয় একটি ব্লগ। ব্লগে প্রকাশিত একটা লেখা সার্বজনীন।আপনি যখনই আত্মীয় বা বন্ধু হয়ে আমার এই লেখা পড়ে মন্তব্য করবেন, সম্পর্কটি সেখানে মুখ্য হয়ে উঠবে।আপনি চাইবেন,আপনার মন্তব্যে আমি যেন কষ্ট না পাই। **এর ফলে যা হয়-**   
১।আমি আমার লেখার উন্নতির জন্য কোন সমালোচনা পাবো না  
২। আত্মীয়করণ বা বন্ধুত্বের কারনে যে মন্তব্য গুলো আসবে, নিরপেক্ষ পাঠকরা একটি ধারনা নিয়ে যাবেন যে এই ব্লগটি নিজেদের একান্ত কয়েকজনের,একটি পারিবারিক ব্লগ।

**সম্মোধন কি হওয়া উচিৎ?**  
আমার মতে অন্তর্জালের প্রত্যেককে আপনি সম্মোধন করা উচিৎ?অনেকেই ব্যক্তিগত সম্পর্কের কারনে তুমি,তুই পর্যন্ত সম্বোধন করেন।এই তুই,তুমি সম্বোধনটি যখনই পাল্টে আপনি হয়ে যায়,তখনই কিন্তু অন্য ব্লগার/পাঠক গন ভাববেন ”ডাল মে কুছ কালা হ্যায়।” তুমি থেকে হঠাৎ  আপনি বা তুই থেকে  হঠাৎ আপনি সম্বোধন এর পিছনে অভিমান ঘটিত বা অন্য কোন অন্দর মহলের কাহিনী আছে।অভিজ্ঞ ব্লগার গন অত্যন্ত মেধাবী হন,সম্মোধন পাল্টে গিয়েছে দেখে তারা মুচকি হাসেন অবশ্যই।  
অনলাইনে পরিচিত মানুষদের মাঝে সম্পর্কের স্থায়ীত্ব সাধারণত কম দেখা যায়।ফেইসবুকের দিকে একটু নজর দিলেই এটি পরিষ্কার হয়ে যাবে।স্টাটাস,ফটোতে হঠাৎ দু একজনের ১০০ ভাগ উপস্থিতি দেখা যায়, ইনবক্সও চলে সমান ভাবে (ধারনা করা যায়)।এমন একটা ভাব দৃশ্যমান হয় যে জীবনের শ্রেষ্ঠ মানুষ আবিস্কৃত হয়েছে। কিছুদিন পরে দেখা যায় আবার মানুষ পাল্টে গিয়েছে,সম্মোধন পাল্টে যায়।কিছু ব্যতিক্রম আছে অবশ্য,তবে ব্যতিক্রম উদাহরন নয় কোনোক্রমেই।

ভবিষ্যতে নিজেকে হাস্যস্পদ ব্যক্তিত্বে পরিনত করতে না চাইলে সম্মোধন আপনিই রাখুন।
