# অনঙ্গ আখ্যান

Author: সাবিনা ইয়াসমিন
Published: 2022-05-25
Category: অণুগল্প
Tags: অণুগল্প
URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97-%e0%a6%86%e0%a6%96%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8/

তোমার শরীর থেকে একটা অচেনা গন্ধ পাচ্ছি  
\-আমার না বলতে চাচ্ছো?  
উহু, তোমার-ই  
\-তাহলে? অচেনা বলো কেন?  
আগে পাইনি, এমনতো নয়-ই  
\-কেমন?

তীব্র,  
স্নায়ুতে ছড়িয়ে যাচ্ছে প্রতি নিঃশ্বাসে  
যেন হঠাৎ বৃষ্টির ফোঁটায় ভিজেছে পোড়া মাটি  
ঘাস-বুকে ফুটেছে নাম না জানা অজস্র বেগুনি ফুল,  
যেন আমি ডুবে আছি অনন্ত বর্ষায়;

মাতাল হচ্ছি! বলো, কেন এমন হবে?  
– হতেই পারে  
কেন?  
– আচ্ছা, তবে শোনো

বিরহী গাঙচিল জানে  
ক্লান্ত ডানা কোথায় থামে,  
অথৈজলে ভেসে চলা সহস্র মাস্তুল ছাড়িয়ে–  
খুঁজে ফেরা অধীর দৃষ্টি পেয়েছে  
জল-বন্দি সেই নাবিকের খোঁজ,  
যার বুকের মাঝে লেপ্টে আছে একগাছি চুলের সুবাস..

উৎস তবে এই!  
\-হু  
অপেক্ষায় ছিলে?  
\-খুব, খুউউউব…

.

.

\*ছবি- আমার\*
