# অঙ্গীকার

Author: অনন্য অর্ণব
Published: 2020-05-09
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%80%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/

তুমি অপেক্ষার ডালা সাজিয়ে রেখো বাসন্তী ফুলের পসরায়,  
চৈত্রের খরতপ্ত বিকেল গড়িয়ে-  
আমি আসবো বৈশাখের প্রথম বৃষ্টির ফোঁটা হয়ে  
তোমার তৃষিত নয়নে, অধরে শিরা উপশিরায়।

**বিরহী জীবনের প্রতিটি মুহূর্ত তুমি লিখে রেখো-**  
**মহাকালের বর্ণীল ডায়েরীতে,**  
**আমি মহাশূণ্যের দ্বিতীয় অধ্যায় পেরিয়ে এসে**  
**পড়ে নেবো সেই তৃষাতুর নিঃসঙ্গ প্রেমোপাখ্যান।**

প্রজাপতির ডানায় চিঠি লিখে পাঠিয়ে ছিলাম-  
তোমার শহরে, বিষাক্ত মৌমাছি হুল ফুটিয়ে –  
তাড়িয়ে দিয়েছে আমার চিঠি সমেত,  
আর কোন বাহন ছিলোনা বলে আমি বড্ড নিরুপায়।

তোমার আমৃত্যু অপেক্ষার প্রহর দীর্ঘায়িত হোক  
এ আমি না চাইলেও অপেক্ষার যবনিকা টানতে পারিনা,  
মহা সময়ের পরতে পরতে আমার সহস্র বাঁধা  
তবুও একদিন ঠিকই ঝরে পড়বো তোমার তৃষ্ণার্ত আঙ্গিনায়

এ আমার নিয়ত অঙ্গীকার।।
