# অকৃতজ্ঞ

- Author: [নূর হোসেন](https://sonelablog.com/author/thenurhossain/)
- Published: 2019-12-20T01:58:00+00:00
- Updated: 2019-12-20T01:58:00+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e/

---

তুমি জানো কি মা?  
তোমার বিশ্বাস্ত আদরের বড় ছেলে আমাকে ভিটে ছাড়া করেছে,  
শুধু কবরস্হানটা ছাড়া সব নাকি তাদের?  
দলিল পত্রও তাই বলে মা!  
আমি ভিটে-মাঠি হীন যাযাবর;  
গুজর গুজর খোটা আমার সাথে যায় না-  
ঐ যে তোমার বড় ছেলের দুলালী বউ ভেংচি দেয় বাদরের মত,  
এক বুক বিষাদ নিয়ে এখন তাই পরবাসী।

নিজের বাড়ী নেই-  
বলে ভেবো না পথে ঠাঁই করে নিয়েছি;  
এতটা নিচে নামতে হয়নি,  
একটা চাকুরী করছি, হাজার বিশেক টাকা পাই;  
বাড়ী ভাড়া দিতে হয়না-  
কি ভাবছো ঘরজামাই আছি?  
ভুল মা ভুল,  
তুমি আর বাবা মিলে আমাকে সম্পদ থেকে বঞ্চিত করেছো;  
ভাগ্য আমাকে তা করেনি-  
সম্পদ পাইনি বটে একটা বাড়ি পেয়েছি,  
তোমার চোখের কাঁটা কৃষ্ণকলির বাসা;  
ভাগ্যিস আমি তার চোখের কাঁটা হয়নি  
নির্ঘাত পথে বসে যেতাম-  
বিপদে অভিভাবক হয়ে সেই এখন মাথায় ছাতা ধরেছে।

বাবা তো এখন তাবলীগে ব্যস্ত  
বড় ছেলের খাচ্ছে দাচ্ছে মসজিদে ঘুরছে,  
এই যে মা বাবার এত আরাধনা প্রভু ভক্তি-  
আমাকে অধিকার থেকে বঞ্চিত করার পাপ থেকে বাঁচার জন্যই কি?  
নাকি আমার মঙ্গল কামনা করছে,  
ছোট ছেলের খোঁজ খবর না নেওয়াই বুঝি-  
আর্শীবাদ!  
হতেও পারে, উদাসীন পিতার নীরব প্রায়শ্চিত্ত।

আমি খারাপ কাউকো সম্মান দেইনা চরম বেয়াদব,  
জ্ঞান হওয়ার পর থেকে পরিবারের সবাই তাই বলে এলে-  
কাকে অসম্মান করেছি একটু দেখিয়ে দাও তো মা;  
কখনো কোন নারীর সতীত্ব নস্ট করিনি,  
মদ গাঁজা ছুইনি;  
গভীর রাতে বাড়ী ফিরিনি  
বাপের পকেটের টাকাও সরাইনি-  
স্কুল-কলেজের পরীক্ষায় রেজাল্ট ভালো না হোক,  
পাশ করেছি;  
তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়াটা সহ্য করতে পারিনি বলে-  
তোমার বড় ছেলেকে হাড় জোড়া লাগাতে পাঠিয়েছিলাম তাই আমি বেয়াদব!  
কেমন তুমি মা?  
পরক্ষনেই বড় ছেলের পক্ষ নিলে,  
নিজের আঘাত অপমানের চেয়ে তোমার বড় ছেলে তোমার প্রিয় ছিলো-  
কিন্তু আমার প্রিয় ছিলে তুমি,  
তুমি কখনো তা অনুভব করোনি;  
সেদিন গৃহপালিত পশুর মত তার পা ধরে ক্ষমা চেয়েছি শুধু তোমার কথায়-  
নয়তো তুমি ছাড়া কার সাহস ছিলো মা,  
আমাকে কাপুরুষের পা ছোঁয়ায়?

শুনেছি ছোট থাকার সময় সবার আদরের ছিলাম,  
তাদের কোন আদর চোখে পড়েনি আমার-  
শুধু তোমার মমতা ছাড়া আমার কিছু মনে নেই,  
নাহ নেই;  
বাবাকে ভুলে যাচ্ছি  
বোনদেরকে ভুলে গেছি অতীতে-  
ভাইকে মনে রাখার প্রশ্নই আসেনা,  
তোমাকেও ভুলে যাবো মা;  
দশমাস দশদিন পেটে রেখে দুনিয়ায় এনেছো বলে অকৃতজ্ঞ তোমাকে ভুলে যায়নি।

বাড়ী ছাড়তে চাইনি মা,  
ও বাড়ীতে আমার মন পড়ে আছে-  
শীতের সকালে ধোঁয়া উঠা ভাপা পিঠা চোখে ভাসছে;  
তুমি পান খেয়ে আঙুলের চুন মুছছো হেলে পড়া ডালিম গাছে,  
বাবা মজা করছে বড় ছেলের সন্তান তার নাতী-নাতনীর সাথে!  
কল্পনায় অনুভব করছি এখনও আমার সব আছে শুধু আমি তোমাদের মাঝে নেই-  
সম্পদ আমি চাইনি মা,  
তোমাদের সাথে মিলে মিশে থাকতে চেয়েছি;  
চেয়েছিলাম আমারও একটা সংসার হবে-  
আমিও বাবা হবো আমার ছেলে মেয়ে তোমাদের আদরে বড় হবে।

শুধু তোমাদের সাক্ষরে লিপিবদ্ধ একটা দলিল-  
আমার সমস্ত আশা ধূলিস্মাৎ করে দিয়েছে মা ধূলিস্মাৎ!  
আমি অবহেলিত আমাকে তোমরা ঠকিয়েছো,  
ইচ্ছাকৃত না হোক তবুও ভুল তবুও আমি সম্পদচ্যুত-  
তোমার আদরের ভরসার বড় ছেলে তোমাদের সাথে সাথে আমাকেও প্রতারিত করেছে,  
ভীষন ঠকিয়েছে!

শেষবার যখন ওর সাথে হাত মিলিয়ে তোমার কবরের উপর বাঁশগুলো সাঁজিয়ে দিচ্ছিলাম-  
তোমার সাথে সাথে পৃথিবীর সকলের বিশ্বাস আমি সেখানে ফেলে এসেছি,  
কোনদিন কাউকো বলিনি মা আজ বলি-  
আমার মত প্রতিটি অবহেলিত যুবক তার পরিবারকে ঘৃনা করে আমিও করি;  
ক্ষমা করো মা….  
আমি তোমাকেও ঘৃনা করি!  
ঘৃনার চেয়ে বড় কোন ক্ষমা আর নেই।

(৫ই আগস্ট ২০১৭)

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e/#comments
