# অকাল-মরণ (ম্যাগাজিন)

Author: ছাইরাছ হেলাল
Published: 2017-03-18
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a8/

ভাবছি, যাব-না আর  
জলাভূমির ব-দ্বীপে, ঘন্টা-মিনারে চোখ-ফেলে-রেখে  
চোখে আঁকবোনা অগণন ফুলের দেশ, প্রথম কুড়িফোটা সৌরভে  
প্রজাপতি-রং মেখে, প্রজাপতির বেশে, কিন্তু!  
আকাল-মরণ শেষে বৈশাখের সকাল-রৌদ্র যে হাঁট বসিয়েছে,  
জাঁকিয়ে সে হাসছে এবারে! ঠোঁট উঁচিয়ে!!

সকাল-নির্জনতায় প্রায় প্রতিদিন-ই  
দেখা হতো শঙ্কাহীন-স্রোতস্বিনী-হেজাবীসকালের সাথে,  
ভাবনাহীন-বৃত্তে, ডুবো-নদীর পারে, স্বপ্নে-পাওয়া জল-স্পর্শে;  
সকালের হাঁটা-পথে, সময়ের সু-বিপুল তারতম্য ভেদে  
অনিয়মের-নিয়মে, অগাধ বিস্ময়ের সবুজ জলের উপচে পড়া ভিড়ে,  
জল ডাহুকের ডাক শুনে, জল-বৃষ্টির আদলে, ছলকে পড়া মায়া-শিশিরে;

ভেবেছিও, কখনও-সখনও,  
উদ্দাম উদোম নদীতে জাল ফেলে, চমকে-থমকে দেবো,  
ঝাঁকের কাঁপন এড়িয়ে হরবর করে আচানক বলে ফেলবো,  
এই, শোন শোন, তাকাও,  
কৈ যাও? এলেই বা কোত্থেকে?

সহসাই পূর্ণিমা তিথির গোলাপ-ভাবনায় লেগে গেল গ্রহণ,  
অপচিত হু-হু বিষণ্ণ নিভৃত-দহন অনুক্ষণ, ক্ষীণভ-আলোর-কিরণ;  
হয়-না যাওয়া বহুকাল সকালের ও-দিকটায়, বহুদিন;  
হয়ত যাওয়া হবে, বা-না, না-মেনে বিশুদ্ধ গাণিতিক শাস্ত্র,  
প্রবল দুর্বিপাকে কুশলাদি জানা গেল-না,  
নম্র-লাজের সচ্ছল-সুঠাম-সুডৌল অহল্যা-হাসিটুকুও না,

বসে নীরব-জোড়াসনে, ঝিঁঝিঁ-ঝোপের আড়াল ফেলে,  
নির্বাক-নিঃশব্দ-হৃদে, কামকাজ ছেড়ে-ছুঁড়ে দিব্য চোখে  
স্বপ্ন-দেখি, দূরে সমুজ্জ্বল সোনালী এক বাতিঘরের;  
ইথার-অবশে।
