# অকপট বৃষ্টি-ম্যাম

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-07-12T05:07:32+00:00
- Updated: 2018-07-12T05:11:21+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%95%e0%a6%aa%e0%a6%9f-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae/

---

প্রমাণ সাইজের মাছরাঙ্গাটি একাকী শুধুই ভিজছে,  
ভিজছে, প্রবল বৃষ্টিতে; বিরস বিষণ্ণ বদনে,  
লম্বা ঠোটে কড়া লাল-হলুদ মেখে,  
ধ্যানী চৌহদ্দি ফেলে;  
আশেপাশে দেখছিনা কোন মাছ-আবাস, খপ করে ধরে  
গপ করে গিলে খাবে; লম্বা শক্তপোক্ত ঠোট গড়িয়ে ফোটায় ফোটায়  
বৃষ্টি ঝরছে, মাথা ঝাঁকিয়ে ঝেড়ে ফেলছে বারে বারে;  
ভিজে টুপুটুপু এ-পাখা ও-পাখা, পা-ও তুলে তুলে পানি ঝেড়ে ফেলছে;

এহেন ধ্যানী দুষ্টের সাথে যৌথতায় যাচ্ছি না, যাব-ও না।

(উল্টো করে আচ্ছা মত কান মলে দিতে পারলে ভাল লাগত,  
বদের-বদ, বদের-হাড্ডি কোনহানকার)

—————————————————–

বৃষ্টির পোয়াতি পেট ভীষণ ভারী, শিলা ডিমে;  
কখন যে কার টাক ফাটাবে কে জানে!!  
ভয়ে আছি, ভয়েই থাকি!!  
চান্দি-ছেলারা সাবধান!

নির্ভেজালের দুয়া চাই;

——————————————————

পানি উজিয়েছে পথে-ঘাটে, ঝুম বৃষ্টিতে;  
শব্দ পেয়ে আলো ফেলে দেখি দুদুটো নচ্ছার ধারি ব্যাঙ  
উপগত হয়ে আছে আনন্দ-শব্দে-শব্দে,  
আনন্দ মিলনে লজ্জা থাকে না, লজ্জা হয়-ও না;

অগত্যা পাশ কাটাই পথের পথে, এই বর্ষার বৃষ্টিতে।

——————————————————–

বৃষ্টি ম্যাম রাগ করেছে, গাল ফুলেছে ঢোলে!  
কিছুতেই আজ আর নেই কোন বর্ষা;  
অসংখ্য দৌত্য কর্ম সবই বৃথা,  
মান আর ভাংগছে না, ভাঙ্গবেও না!

অবশেষে বজ্র এলো হেলে-দুলে শির উঁচিয়ে  
বিদ্যুৎ নিয়ে, দেখলাম শুধু তীব্র আলোর জ্বলক  
আর বিদীর্ণ কর্ণে খান খান হয়ে যাওয়া শব্দ!

মধুর হাসির খিলখিল গুঞ্জনে  
অঝোর বৃষ্টিতে ভেসে গেলাম;

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%95%e0%a6%aa%e0%a6%9f-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae/#comments
